# দশ লাখ

Author: দেবজ্যোতি কাজল
Published: 2020-01-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96/

রির্টানে পাশ করে যখন  
ভাইভার কার্ড পেলাম  
তখন “ চলো দিল্লী যাই ” বলে কলকাতায় গেলাম ।

রাজপুতের বাচ্চারা বসে আছেন-  
আমাদের জড়িপ করতে  
সেখানে অনেকেই ছিলেন ,  
মহাশয় , মহাদয় , মাননীয় , মাননীয়া  
এমন কি ইংরাজী শব্দার্থের স্যারও

আমি তাদের সামনে গিয়ে  
ওভেশন দিলাম ,  
জড়াগ্রস্ত হয়ে আছে মন,  
অনুভব করলাম  
আমার দগ্ধ মন কোটেশন হয়ে গেছে ,  
ভাবলাম  
আমার অতিরিক্ত সাধনা কি আজ  
ওভ্যারিতে ওভ্যাল হয়ে যাবে !  
নটির মত নাট্যমঞ্চেই নাচবে !!  
না-কি  
পিরীত করে অসতীত্বের সিঁড়ি গুনবে !

হে গড !  
তুমি তারচে আমায় মুক্তি দাও ।

এই বলতেই ,  
ঈশ্বর দু’হাত বাড়িয়ে মৃত্যু যন্ত্রণা পাঠিয়ে দিলেন ।  
সঙ্গে এক বোতল ফিনাইল ,

ঈশ্বর যে অবিনয়ী লম্পট, ইতর  
তা আমি অনেক আগেই জেনেছিলাম ,  
একাত্তুরের যুদ্ধে তিন লাখ মহিলার শরীরের-  
ঈশ্বর ছিলেন দর্শক আর পাকিস্তানীরা ছিলেন খেলোয়ার ।

আমি গুছিয়ে উঠতেই  
আধাপাকা ভদ্র গোছের  
এক স্যার জিজ্ঞেস করলেন ,  
“ এদেশের অর্থ মন্ত্রী কে ?”  
আমি গলা চুলকিয়ে উত্তর দিলাম ,  
ডিনামাইট;  
ডাইন্যাস্টি ।

পড়ুয়া জীবনে তোমার সাবজেক্ট কি ছিল ?  
এথনলজি ;  
এথিকস্ ।

ভাইবা আমার চাঙ্গা । ভাবতেই ।  
বুকের মধ্যে জয়ের ভূড়ভূড়ি চমক দিলো,  
অন্য একটা চমক আমাকে জানালো ,

ইকোনোমিক্স নিয়ে আমার  
কিছু জানা উচিৎ ছিল  
তবেই না-কি  
আমার চাকরিটা হতো..।
