# মীরার জন্য, জাতিস্মর

Author: আগুন রঙের শিমুল
Published: 2018-09-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0/

আদিগন্ত উল্লাস মনে আছে –  
মনে আছে আলো,  
মনে আছে ভালোবাসা,  
মনে আছে জল।

উৎসব মনে আছে, শরীরের ঘ্রাণ –  
মনে আছে রিরংসাকাতর রাত্তির ।  
আমার শরীরে আসে জোয়ার ,  
নীল বিষে মৃত্যুর অধিক কাতর।

মনে আছে ভরসার হাত –  
সুঘ্রাণ শ্বাসের তুমুল তুফান,  
মনে আছে সমুদ্র, মিঠে চুম্বন –  
মনে আছে রাত্তিরের গান।

মনে আছে আলো,  
মনে আছে ভালোবাসা,  
মনে আছে জল –  
আমিই জাতিস্মর ; বিস্মৃত অমল।  
চারুলতা আজ, যেকোনো মানবী  
স্বেছায় ভুলেছে সকল।
