# তোমার জন্য অপেক্ষা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-03-27T17:03:58+00:00
- Updated: 2020-03-27T17:03:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-2/

---

আমি অপেক্ষায় আছি-  
তোমার ভালোবাসার এক এক ফোঁটা সুখ নেব বলে।  
আমি অপেক্ষায় আছি-  
তোমার সমস্ত দেনা-পাওনা একটু একটু করে মিটিয়ে দেব  
আঁচল ভরা বাসনার সুবাসে।  
তোমার বাম অলিন্দে জমে থাকা যত মান-অভিমানের ডালা ,  
আজ সাজিয়ে দেব আমার অধরের প্রস্ফুটিত গোলাপের পাপড়ি দিয়ে।  
আজ যদি ঘুমের দল চোখের পাতায় বসত গড়ে;  
বলবো ভালোবাসতে দাও মোরে- ঋণ শোধ করিবার তরে।

আমি অপেক্ষায় আছি-  
চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-  
ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।  
তুমি আসবে লাবণ্যহীন ঝরা পাতার লাবণ্য হয়ে,  
নতুনের আগমনী বার্তা নিয়ে।  
বিরহের সুর-মূর্ছনায় বিরস বদনে বয়ে যাওয়া দিনপঞ্জি ,  
তোমার আমার সঙ্গম ধারায় হারাবে-প্রমত্ততা পদ্মার আবক্ষে।

তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,  
চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।  
তোমার আমার নেশার উন্মাতালে-  
বেলা অবেলার এলোমেলো খেরোখাতা পড়ে থাক;  
ধূলোর এক ইঞ্চি আস্তরণের আবরণে।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-2/#comments
