# তোমাকে ভালোবাসি

Author: সুরাইয়া পারভীন
Published: 2020-01-27
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

মধ্যরাতে নির্জনে পাশাপাশি দাঁড়িয়ে-  
সমুদ্রের গর্জন শোনা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

চাঁদনী রাতে মুখোমুখি বসে-  
চাঁদের আলোয় ভিজা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

ভোরের নিস্তব্ধতা ভেঙ্গে শিশির সিক্ত –  
দূর্বাঘাসে পা রাখা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোকে ভালোবাসি।

মৃদু শিহরণ জাগা প্রত্যুষে সূর্যোদয়ের-  
সৌন্দর্য্য অবলোকন করা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

বিষন্ন ক্লান্ত উদাস দুপুরে ঘেমেঘেটে রান্না করে-  
খাবার টেবিলে সাজিয়ে অপেক্ষা করা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

গোধূলি লগ্নে কাঁধে মাথা রেখে-  
রক্তিম সূর্যের টিপ কপালে আঁকা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

ঘোর সন্ধ্যার ঘুটঘুটে অন্ধকারে জোনাকির-  
আলোয় চোখে চোখ রাখা হবে না কোনোদিন,  
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
