# তোমাকে আমার মনে না পড়ুক

Author: স্বপ্নীল মেঘ
Published: 2021-05-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%81%e0%a6%95/

পৃথিবীর সব  রঙ নিভে গেলেও তোমাকে আমার মনে না  
পড়ুক।  
আষাঢ়ের ঝুম বৃষ্টির সাথে বিদায় জানিয়েছি তোমাকে গ্রীষ্মের আগমনে।  
হেমন্তের সন্ধায় লাল রঙের সূর্যের মতোন ক্ষরিত হয়েছে  
আমার ধূসর হৃদয়।  
আমি ক্লান্ত দেহ নিয়ে তবেই বলছি ‘তোমাকে আমার মনে  
না পড়ুক’।

তোমাকে খুঁজেছি….  
দুর্গম পথ ছেড়ে সন্ধার আঁধারে, খুঁজেছি আমি নক্ষত্রের প্রতিটি ডানায়-কুয়াশার বাতাসে-  
সাঁঝের নদীর ঘ্রাণের নামে যে আলোক, শিশিরের দেহ হতে  
খুঁজেছি তোমারে সেখানে।  
আহত পাখির মতো ডানা মেলে নিশীথের অন্ধকারে- প্রকৃতি বেয়ে বেয়ে হঠাৎ মেঘের মতো হাওয়ায় হাওয়ায়  
তোমারে খুঁজেছি আমি নির্জন প্রকৃতির প্রানে।  
বিমর্ষ বিষাদের রঙ নিয়ে তাই বলছি ‘তোমাকে আমার মনে না পড়ুক।

হে বিষাদবন্ধা নারী….  
তুমি আমার দিনের আলো, উদ্যম চেতনা, নীল স্বপন। হৃদয়ে যে প্রেমের শান্তি ও স্থিরতা রয়েছে  
রয়েছে যে অগাধ বেদনা  
সে আস্বাদ নষ্ট করবার মতো আমার যথেষ্ট শক্তি আর ধৈর্য্য নেই।  
চাঁদ তুমি নিশ্চয়ই জানো,  
নরম শীতল রূঢ় চাঁদ!  
নিশীথ তুমি নিশ্চয়ই জানো,  
আমি অনেক দিন-  
আমি অনেক-দিন  
আঁধারের ছোঁয়ায় চিরস্থায়ী মরণের মতো মিশে থেকে  
হঠাৎ প্রভাতের আলোয় নির্বোধ উচ্ছ্বাসে নিজেকে প্রেমিক বলে জাগিয়েছি আবার!  
তবে কেনো প্রেমের অভাবে আমার আত্মা লালিত হচ্ছে নরকের অগ্নিকুণ্ডে?

আমি আর জেগে উঠতে চাইনা৷ তাকিয়ে দেখবোনা একাকী বিমিশ্র চাঁদ পুকুর জল থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে উল্টোদিকে।  
উদাসীন হয়ে কাটিয়ে দিবো অলস দুপুর, নির্জন বিকেল কিংবা বিবর্ণ সন্ধ্যা।  
তোমাকে আমার মনে না পড়ুক জেনে আমি আর কোনোদিন ফিরবোনা তোমার পাড়ায়–কোনোদিন নাহ।

~স্বপ্নীল মেঘ
