# তোমার চোখ এতো লাল কেন? ………নির্মলেন্দু গুণের কবিতা

Author: বনলতা সেন
Published: 2013-03-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%be%e0%a6%96-%e0%a6%8f%e0%a6%a4%e0%a7%87%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/

[![](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/03/image_503_149223.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/03/image_503_149223.jpg)

**তোমার চোখ এতো লাল কেন?**  
**……………………নির্মলেন্দু গুণ**

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই  
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,  
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।  
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই  
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে  
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,  
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ  
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।  
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :  
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,  
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা  
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।  
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই  
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা  
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।  
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে  
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’
