# তুমি বেশ বদলে গেছো

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-06T08:10:06+00:00
- Updated: 2020-02-06T09:12:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%8b/

---

তুমি বেশ বদলে গেছো-  
আমার হাসি তোমার হৃদয়ে কাঁপন ধরায় না;  
কথার ফুলঝুরিতে বিমুগ্ধতা ছড়ায় না।  
আজ আমি হয়েছি পর;  
আপন হয়েছে ভিন্ন কেউ,অন্য পাড়ের ললনা।  
মৃত বুকে শকুনেরা ধারালো আঁচড়ে ক্ষুধার জ্বালা মেটায়;  
অধরের কামনায় লালায়িত,সিক্ত করো অন্যনারীর উলঙ্গ বক্ষবন্ধনী।  
মেঘবরণ এলোকেশে মাদকতার আবেশে ঝরে না  
মেঘবৃষ্টির শ্রাবন-বারিধারা।

চৈত্রের খরতাপে পুড়ে চৌচির চারণভূমিতে  
লাঙ্গলের ফলা আঁচড় কাটে না।  
কামনার বীজ বুনেছিলাম আমি তোমার বুকে,  
সোনারাঙ্গা ফসল আজ অন্যের দখলে।  
স্বপ্নে পাবার ব্যাকুলতায় সবকিছু অগোছালো রেখে-  
ঘুমের আবেশে অকৃপন তুমি;  
ব্যস্ততার অজুহাতে হিসেব-নিকেশে,  
লৌহমানব করেছো নিজেকে দূর্ভেদ্য প্রাচীরে।

কেন সেদিন কাছে এলে,দেশান্তরী হবে বলে?  
কেন সেদিন বুকে নিলে,পাঁজর ভাঙ্গবে বলে ?  
মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?  
অধরে অধর পোড়ালে,সঙ্গম কামনার অনলে।  
তুমি বেশ বদলে গেছো-  
অন্যনারীর পাঁজর ভাঙ্গো,  
অমানিশার আঁধার কাটো,  
অধরে কামনার অনল পোড়ো।

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%8b/#comments
