# তুমি তো আমার নও-

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2019-12-26T04:30:26+00:00
- Updated: 2020-01-26T12:04:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%93/

---

এই তুমি তো আমার নও-  
তবুও তোমাকে পাবার ব্যাকুলতায়  
হৃদয়ে কামনার অনল-শিখা জ্বলছে অবিরাম।

তুমি তো আমার নও-  
তবুও ভালোবাসার জিয়ন-কাঠি তোমাতেই তীরবিদ্ধ।  
দাবানলে অঙ্গার তনু-মন;  
দিবানিশি পুড়ছে পতঙ্গের অনুরূপ।  
হিম-শীতল পৌষে উষ্ণতার চাদরে;  
আম্র-মুকুলের মাদকতায় আবেশিত,নিঃশেষিত  
আমিত্ব খুঁজি তোমার আলিঙ্গনে।

তুমি তো আমার নও-  
তবুও আমি তোমাতেই বিমোহিত, দলিত।  
বিরস বদনে বিরহের সুর-মূর্ছনায় উদ্বেলিত ,  
উৎকন্ঠিত পথহারা পথিক;  
তোমাতেই খুঁজে হারানো পথের দিশা।  
ধূম্র মায়াজালে বিভোর আমি-  
নিয়মের,পরাধীনতার শিকল ভেঙ্গে  
তোমাতেই কামনার বাসর গড়ি।

জানি তুমি আমার নও-  
তবুও তোমাতেই আকন্ঠ ডুবে থাকি অষ্টপ্রহর।  
মন পবনের ময়ূরপঙ্খী নাও-  
স্রোতস্বিনী মন-যমুনায় নোঙর  
করে তোমারি অপেক্ষায়।  
সাঁঝবেলাতে সান্ধ্য-প্রদীপ করতলে;  
খুঁজি তোমার চরণদ্বয় দেবতার আসনে।

তুমি তো আমার নও-  
তবুও তোমার বুক পাঁজরে  
মুক্তোর আবেশে ঝিনুকের আচ্ছাদনে-  
জলতরঙ্গে খেলি জলকেলি ।  
অধরে বাঁধভাঙা জোয়ারে,  
দুর্বার আকর্ষণে কর্ষিত কামনার আকুলতা।  
কাব্যকথার শব্দ-চয়নে,গানের স্বরলিপিতে, সুরের রাগিনীতে  
তোমাতেই সাধি জীবনের জয়গান।  
বেলা-অবেলায় মান-অভিমানের  
ভেলায় ভেসে তোমাতেই ভিটেমাটি।

জানি তুমি আমার নও-  
তবুও তোমাতেই করেছি সমাধি-ক্ষেত্র।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%93/#comments
