# ঝুলন্ত সম্পর্ক

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-01-29T18:00:13+00:00
- Updated: 2021-02-01T05:22:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/

---

 

ঝুল বারান্দার মতো তুমি, আমি, আমরা ঝুলে আছি।  
চাওয়া পাওয়ার হিসেব-  
বামন হয়ে চাঁদের শুভ্রতা নিজস্ব সম্পত্তি,  
ডোবায় পদযুগল ভিজিয়ে সমুদ্রের অতল পরিমাপ করা,  
পৌষালি অংশু মেখে শীতের উষ্ণতা ছুঁয়ে থাকা!  
কুয়াশার ধূসরতায় ডুবে যাচ্ছে অন্তহীন পথ-চলা।  
শিরা-উপশিরায় বিষের লহরী উপচে পড়ছে অনুভবহীন যন্ত্রণার মৃত্যুপথে।  
কাঁচের চুড়িতে ঘুন ধরেছে-  
কলঙ্কের কালিমায় আলোকজলে ধূসরতা দীর্ঘায়ু ছুঁয়েছে।

ধ্রুম্রজালে রোদকণা ক্ষয় রোগে সমর্পিত,  
নির্ঘুম রাত বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ।  
প্রেমহীন নারী-পুরুষ গন্ধবিহীন রক্তিম শিমুলের অনল,  
যে অনলে পুড়ে খাঁটি হয় যে ফাগুন।  
আধ খাওয়া চাঁদটা যেন টোল পড়া নারীর মুখাবয়ব;  
যেন হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় দুআঙুলের আদুরে স্পর্শে।  
ঠোঁটের আঙ্গিনার উষ্ণতম তাপে হৃদয়ের ফসল ঘরে তোলে প্রেমের কৃষাণ-কৃষাণি।  
যামিনী নাভিমূলে উষার প্রাতরাশ উৎসর্গ করে ময়ূখমালী।

রচনাকাল-৭ই জানুয়ারী ২০২১

ছবি-গুগল

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#comments
