# তুই রাজাকার -১, ২, ৩ (অডিও সহ)

Author: তির্থক আহসান রুবেল
Published: 2022-07-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7-%e0%a7%a8-%e0%a7%a9-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%b9/

## ***তুই রাজাকার -১***

কাঁনাকে কাঁনা বলিও না  
খোঁড়াকে খোঁড়া  
কাঁনাকে কাঁনা বলিলে  
কাঁনা মনে কষ্ট পায়  
খোঁড়াকে খোঁড়া বলিলে  
সেও মনে কষ্ট পায় ।

ছোট বেলায় গুরুজনদের শেখানো এই কথাগুলো বুকে নিয়ে , কখন যে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে ভুলে গেছি জানিনা । তাই আজ আমি আর অকপটে একজন রাজাকারকে রাজাকার আর একজন দালালকে দালাল বলতে পারি না ।

অথচ:  
স্বাধীনতার নায়ক নিয়া  
ঝগড়া চলে দুরো: মিয়া  
২৬ আর ১৬ তারিখ  
মুক্তিযোদ্ধার নয় ।  
বুক ফুলিয়ে চলছে তারা  
৭১’এর দালাল যারা  
চারিদিকে দেখছি আজি  
রাজাকারের জয় ।

অন্ধকারের চিপায় বইসা  
পান খাওয়া মুখ লাল করিয়া  
দেশের বুকে লাত্থি মাইরা  
পুড়াইছে কত বাড়ী ।  
লুটপাট আর ঠেক মারিয়া  
জিন্নাহ্ সাবরে বাপ ডাকিয়া  
ইসলাম রক্ষার নাম করিয়া  
করছে ধর্ষণ নারী ।

তাই আজ গুরুজনের সেই শিক্ষাকে ভুলে নতুন করে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে চাই । চিৎকার করে বলতে চাই:  
আরে ঐ গোলামের বাচ্চা গোলাম  
আরে ঐ দালালের ঘরের দালাল  
শালা বেজন্মা  
তুই রাজাকার।

অডিও: [https://soundcloud.com/tirthok-ahsan-rubel/tui-razakar-1](https://soundcloud.com/tirthok-ahsan-rubel/tui-razakar-1)

## ***তুই রাজাকার -২***

সবাই পেছন দিকে একটু দেখেন  
ঐ যে যায় রাজাকারের জাতিস্মর  
কেমন বুক ফুলিয়ে চলছে দেখেছেন  
আলী বাবার চল্লিশ চোর ।

করত মুরগী চুরি  
আর কানে গোজা বিড়ি  
মাফলারটা জড়াইয়া  
ঘুরতো বাড়ী বাড়ী ।

বেজন্মা এই শালাদের  
কুত্তার ঐ লেজ  
খাইতে রাজি জুতার বাড়ি  
কমাইবনা তেজ ।

ফকিরনির সব পোলাপাইন  
করছে তারা যোগাড়  
যাদের হাতে হইতাছে  
রাজ্যের অনাচার ।

মাইয়া মানে জাহান্নাম  
মাইয়া মানে যম্

আমরা না  
ঐ রাজাকার কয়,  
মাঝ রাইতে চিৎকার করে  
মাইয়া ছাড়া নয়।

ব্রিটিশের দালাল ছিল দাদা  
পাকের দালাল আব্বা  
এখন আমি নব্য দালাল  
পঁচা আমের ছোবড়া।

এক খাঁচা এক পঁচাই  
করবি তোরা কি?  
কুত্তা, বিলাই, গরু, ছাগল  
সব দলে এনেছি।

অডিও: [https://soundcloud.com/tirthok-ahsan-rubel/tui-razakar-2](https://soundcloud.com/tirthok-ahsan-rubel/tui-razakar-2)

## ***তুই রাজাকার -৩***

ঐ শালা তুই রাজাকার  
ধইরা তারে জুতা মার।  
জন্ম কি ঠিক আছে তোর  
গুষ্টি শুদ্ধা মুরগী চোর।  
বড় বড় কথা কস্  
কানে ধইরা উঠ বস্।  
তর পিঠে চাঁন তারা  
বিষ্ঠার উপর একটু দাঁড়া।  
কিরে দৌড়ে পালাস কে  
ডরাইছে ডরাইছে ।  
ধর শালারে জলদি ধর  
খাইব ধরা একটু পর।  
বান্ শালারে কইসা বান্  
পাকিস্তান খান্ খান্।  
কিরে মনে কষ্ট পাস্  
রক্ত চোষার রক্ত খাস্।  
আর কত কাল রক্ত খাবি  
বাংলা ছাইড়া কবে যাবি।  
ছাড় বাংলা জলদি ছাড়  
জুতা খাবি বারবার।

***প্রেক্ষাপট:***

১ম কবিতাটা লেখার সময় মাথায় শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে: অনেকে বলে যা হয়ে গেছে তা নিয়ে আর কথা বলে কি লাভ! সবচেয়ে বড় যেটা অনুভব করলাম সেটা হচ্ছে, অনেকেই সুন্দর কথার বিপরীতে রাজাকারদের-ই সাধু বানানোর চেষ্টা করছে। তার উপর নানান বিকৃত গপ্পে তাদের সন্ত্রাসী সংগঠন শিবিরে নানাভাবে তরুণদের ভিড়ানোর চেষ্টা চলছে।

আর সেখান থেকেই ২য় কবিতাটির জন্ম। একদিন ভার্সিটিতে কিছু ছেলে-মেয়ে নিয়ে মিটিং করছিলাম পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। আমার ভার্সিটির ৩৫ বছরের ইতিহাসে একটাই সাংস্কৃতিক সংগঠন। যার প্রতিষ্ঠাতা সভাপতি আমি। যাই হোক, আমি ছেলে-মেয়েদের নিয়ে বসলেই আশেপাশে ছোট জটলা বা নানাভাবে ভিড় করতো শিবিরের ছেলেরা। একদিন জানতে চাই কোন কাজ আছে কিনা! জবাব না দিয়ে তারা পেছন দিকে হাটা ধরে। এমন-ই একটা দিন হঠাৎ মাথায় আছে ২য় কবিতার প্রথম দুটো বাক্য।  ছড়াটি মূল শিবিরের সদস্যদের নিয়ে লেখা।

৩য় টাও ঠিক কবিতা নয়, ছড়া বলা যায়। এটা আসে ভার্সিটির জামাতপন্থী প্রশাসনকে গালি দিতে। এই ছড়াটির প্রতিটি জোড় লাইন আবৃত্তিতে কোরাস হবার কথা ছিল। এ্যলবামের কাজ শেষ করতে না পারায় শুধুমাত্র বেজোড় লাইনগুলো রেকর্ড হয়। তাই সেটা আর আপলোড করা হয় নি।

তিনটি কবিতাই ২০০৪ এর শেষ থেকে ২০০৫ এর শুরুতে লেখা। কন্ঠ দিয়েছেন ৯০ পরবর্তী কিংবদন্তী আবৃত্তিকার এবং শত শত আবৃত্তিকারের শিক্ষক বরকত আজিজ ধ্রুব। তিনি ৯০ পরবর্তী অসংখ্য রোমান্টিক ক্যাসেটের পাশাপাশি ‘রাজাকার ও রাজাকার’ শিরোনামে একটি ক্যাসেট প্রকাশ করেন। যা জাহানারা ঈমামের নেতৃত্বে পরিচালিত গণ আদালতের প্রতিটি আয়োজনের প্রচারণায় মাইকে বাজানো হতো। এই মানুষটিকে নিয়ে আমার জীবনের গল্প আরেকদিন বলবো। আমি উনার সংগঠনে যুক্ত হই তৃতীয় শ্রেণীতে থাকতে। আর হারিয়ে যাওয়া এই মানুষটিকে আমি নতুন করে সামনে আনি অনেক খুঁজে বের করে আমার ভার্সিটি জীবনে। আরেকটা তথ্য জানিয়ে রাখি: এই সিরিজের প্রতিটি আবৃত্তি আমার নির্মাণ ছিল, যা আগামীতে আসবে। অর্থাৎ গুরু তার শিষ্যের নির্দেশনায় কন্ঠ দিয়েছিলেন। অন্যদিকে অডিওগুলো চূড়ান্ত ভার্সন নয়। সবই পাইলট বা টেস্ট প্রজেক্ট ছিল।
