# তুই কি হবি আমার!

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-07T13:29:54+00:00
- Updated: 2020-04-07T13:29:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

তুই কি আমার সুখ হবি /দুঃখ হবি?  
সুখ হলে হাসিতে মুক্তো ছড়াবো,  
দুঃখ হলে ব্যাথার নীলে জড়িয়ে নেবো বুকের পাঁজরে।  
তুই কি আমার ভালোবাসা হবি/ঘৃণা হবি?  
ভালোবাসা হলে প্রেমের সাম্পান ভাসাবো নীল দরিয়ায়,  
ঘৃণা হলে হারিয়ে যাবো তেপান্তরের ধূধূ বালুচরে।  
তুই কি আমার জাগরণ হবি/ঘুম হবি?  
জাগরণ হলে কথার ফুলঝুরি ফোটাবো ,  
ঘুম হলে স্বপ্নে তোকে নিয়ে মিলন বাসর গড়বো।

তুই কি আমার সূর্য হবি/চন্দ্র হবি?  
সূর্য হলে রৌদ্র ঝর্ণায় শক্তির ধারা হবো ,  
চন্দ্র হলে চরকা কাটা বুড়ি হবো।  
তুই কি আমার অমানিশা হবি/চন্দ্রালোক হবি?  
অমানিশা হলে রাতের আঁধারে কানামাছি, ছোঁয়াছুঁয়ি খেলবো।  
চন্দ্রালোক হলে পূর্ণিমা তিথিতে জোছনা মাখবো গায়।  
তুই কি আমার ভোর হবি/ সন্ধ্যা হবি?  
ভোর হলে নিশাজলে ভেজাবো তনু-মন,  
সন্ধ্যা হলে আরাধনায় সাঁঝ-প্রদীপ জ্বালবো।

তুই কি আমার অন্তরীক্ষ হবি/ভূগর্ভ হবি?  
অন্তরীক্ষ হলে মেঘের ভেলায় ভাসবো দু’জন,  
ভূগর্ভ হলে মেঠোপথে অন্তবিহীন হেঁটে চলবো।  
তুই কি আমার পবন হবি/বৃষ্টি হবি?  
পবন হলে এলোমেলো হবো উড়িয়ে শাড়ির আঁচল,  
বৃষ্টি হলে অহর্নিশি ভিজবো খোলা চুলে।  
তুই কি আমার আদর হবি/শাসন হবি?  
আদর হলে তোর সর্বাঙ্গে আঁকবো চুম্বনের আলপনা,  
শাসন হলে ধমকগুলো আঁজলা ভরে রেখে দেবো।

তুই কি আমার পুষ্প হবি/ নদীর কূল হবি?  
পুষ্প হলে খোঁপায় গুঁজে রাখবো,  
কূল হলে লহরী হয়ে ভিজাবো লালিত্যহীনতাকে।  
তুই কি আমার মাটি হবি/জল হবি?  
মাটি হলে লেপ্টে নেবো হয়ে মাখামাখি,  
জল হলে ধুয়ে নেবো মনের যত কালি।  
তুই কি আমার কাজল হবি/ টিপ হবি?  
কাজল হলে দু’নয়নে পড়বো দিবানিশি,  
টিপ হলে কপালের ভাঁজে রাখবো নিরবধি।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
