# তিনি : সোনালী সেই মুখ- ২

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-05-29T05:23:17+00:00
- Updated: 2014-05-20T05:26:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [ভ্রমণ](https://sonelablog.com/category/misc/tours/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a7%a8/

---

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519779964264_5444799_n.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519779964264_5444799_n.jpg)

*অন্নপূর্ণা , পোখরা , নেপাল । সূর্য ওঠার অনেক আগেই রাতের আঁধারে এমনি শুভ্র পর্বত মালা । অপরুপ দৃশ্য ।*

হাড় কাপানো শীতে দাড়িয়ে আছি নেপালের পাহাড়ে , সূর্যোদয় দেখবো আর দেখবো ধবল শুভ্র পর্বত মালা। দাঁড়াবার জায়গা নেই এমন অবস্থা। এর মাঝেই ‘এক্সকিউজ মি এক্সকিউজ মি’ বলতে বলতে ঠেলে ঠুলে এক মেয়ে আমার সামনে এসে দাঁড়ায় । পাশ দিয়ে যাবার সময়ে আমার পায়ের উপর পাড়া  পড়লো তাঁর । মুখের দিকে তাকিয়ে দুঃখী গলায় স্যরিও বললো । অস্পষ্ট আলোতে চেহারা  বোঝা যায় কি যায়না । লম্বা শীতের জ্যাকেট , মাথায় উলেন টুপি , হাতে গ্লোভস । একবার শুধু ঐ আলোতে দেখেছি , সেই অতি চেনা চোখ , কন্ঠ । না আমার ভুল হতেই পারেনা ।  
ফিরে গেলাম ২২ বছরের দুষ্টামির জীবনে ।  
অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট গলায় জিজ্ঞেস করলাম, ” আরে **** তুই ? কবে আসলি নেপাল ? তোর সাথে কে ?  
চমকে আমার দিকে ফিরে তাকালেন তিনি । দুরের ফটো তোলার ছলে তার ফটো তুললাম ৩টি। তিনি : ‘এই ত ২ দিন হলো ( মনে হলো যেন ইলেক্ট্রিক শোক খেলেন তিনি )  
আমি : থাকবি কতদিন ?  
তিনি : আরো ৩ দিন থাকবো ( মুখে এবং গলায় হতাশা , অপ্রস্তুত ভাব )  
আমি : আচ্ছা , পরে কথা বলবো; বলে তড়িঘড়ি চলে গেলেন।  
তাঁর সাথে থাকা মানুষটির কথা কিছুই বললেন না। আমি জানি তিনি তাঁর হাসবেন্ড নন । ঐ মানুষটি তাঁকে হাত ধরে অন্য দিক টেনে নিয়ে গেলেন। যাবার সময় বার বার ফিরছেন আমার দিকে । আমার সাথে থাকা সফরসঙ্গী মুকিত অবাক । জানতে চাইলেন আমার আত্মীয়া কিনা । আমি বললাম , না দুষ্টামি করেছি । আসলে টিভি অভিনেত্রী । আমার ফেভারেট । এরপর হাসাহাসি নিজেদের মাঝে ।

দুইদিন পরে কাঠমান্ডু হোটেলে ব্রেকফাস্ট করছি । সাথে মুকিত । খাওয়া শেষ । হঠাৎ টেবিলের সামনে হাসিমাখা মুখ ।  
– বসি ?  কেমন আছেন ?  
– ভালো , তুই ? সাথের জন কোথায় ?  
একটু অপ্রস্তুত হলেন তিনি  
– ঐ তো ঐ টেবিলে , আমি কফি বানিয়ে আনি’ বলে চলে গেলেন তিনি কফি আনতে । মুকিত আমার তুই শুনেই ভেগেছে, ওর হাসি আসবে তাই।  
– নিন । চিনি কি বেশী হয়ে গেল ? কতদিন থাকবেন ? একই হোটেলে অথচ জানিনা।  
– না না , ঠিক আছে , কফি তুই আগের চেয়েও ভালো বানাস এখন। আছি আর দুই দিন।  
বেচারি, জিজ্ঞেস করতেও পারছেন না আমি আসলে কে । এমন স্বাভাবিক আর আন্তরিক আচরণে বিভ্রান্ত তিনি। বুঝতে পারছি – আমি ছবি তুলেছি তাঁর সঙ্গী সহ এটা একটা বড় অস্বস্তি তাঁর । কিন্তু বলতে পারছেন না । আমারও খুব হাসি পাচ্ছিল , তাই আলাপ সংক্ষিপ্ত করে আবার দেখা হবে বলে বিদায় নিলাম ।

পরদিন ব্রেকফাস্টে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। নাহ আর টেনশন দিয়ে লাভ নেই। বলে দিলাম সব । তাঁর ফ্যান আমি । হাসলাম দুজনে । অভিনেত্রী মানুষ , আমি জানি কেন তিনি হাসছেন । ফটো চাই তাঁর । এরপর বেশ স্বাভাবিক । ক্যাসিনোতো তাঁর জুয়া খেলা দেখলাম । রাতে ডিনার করলাম । ফিরে যাবার দিন ভোরে ব্রেকফাস্ট টেবিলে – তাঁর হাতে মোবাইল দিলাম। জিজ্ঞেস করলো, কি করবো ?! বললাম , আপনাদের ৩ টি ফটো আছে , ডিলেট করে দিন।  
কিছুক্ষন তাকিয়ে থাকলেন আমার চোখে সরাসরি । কি বুঝলেন কে জানে , ফিরিয়ে দিলেন মোবাইল আমার কাছে। বললেন, ‘ ভাই থাকুক ছবি গুলো আপনার কাছে , আপনার স্মৃতি হয়ে। ‘ আমি বললাম ‘ যদি আমি এর অপব্যবহার করি ? ‘  
বললেন, করবেন না , আমি জানি’  
মোবাইল নাম্বার দিলেন ।  এখনো কথা হয় মাঝে মাঝে । কেন জানি নিজের কিছু কিছু কথা শেয়ার করা শুরু করলেন । আসলে একজন মানুষকে অত্যন্ত হাসি খুশি দেখালেও তা অনেক সময় থাকে মুখোশ । কান্না লুকাই আমরা সবাই। এখনো কথা হয় মাঝে মাঝে । ঐ শেষ দেখা । আমিও দেখা করতে চাইনি – তিনিও না । এভাবেই থাকুক না কিছু সম্পর্ক ।

*কিছু ছবি , বড় করে দেখতে চাইলে ছবির উপরে ক্লিক করুণ ।*

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519763297599_843119_n1-300x225.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519763297599_843119_n1.jpg)

*সূর্য কেবল উঁকি দিচ্ছে পাহাড়ের বুক থেকে*

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519766630932_4085860_n-300x186.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519766630932_4085860_n.jpg)

*উঠছে সূর্য দূর পাহাড়ের মাঝ থেকে*

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519769964265_6740615_n-300x185.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519769964265_6740615_n.jpg)

*সূর্যটা উঠেই গেলো*

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519773297598_2921723_n-300x213.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519773297598_2921723_n.jpg)

*সূর্য ওঠার অনেক আগে এমন দৃশ্য , আকাশে সাদা বরফের মেলা*

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519779964264_5444799_n1-300x218.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/05/6131_100519779964264_5444799_n1.jpg)

*এমন সৌন্দর্য চোখে না দেখলে লিখে বুঝানো যাবে না *

 

[**তিনি – সোনালী সেই মুখ – ১**](http://sonelablog.com/archives/2337)

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a7%a8/#comments
