# তবুও তোমাতেই হোক

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2019-12-18T09:27:31+00:00
- Updated: 2020-01-26T11:59:11+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95/

---

আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,  
মানবো না কোনো বাঁধন।  
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,  
আসুক না প্লাবন,  
আসুক অমানিশার ঘোর লগন।

ভেঙে চুরমার হোক পাঁজর দু’খান,  
তবুও তোমাতেই হবো অশালীন।  
আদিমতার নেশায় মাতুক তনু-মন,  
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।  
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান  
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।  
আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক দিগন্তের মেলবন্ধন।

অধরে চুম্বকের মাতন ,ভাঙ্গলো নিষেধাজ্ঞার সমন;

তবুও তোমাতেই হোক পুনর্মিলন।।  
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন  
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।  
তবুও তোমাতেই হোক আমার বসন  
এলোকেশে হোক না ভালোবাসার আলোড়ন।

হৃদয়ের স্রোতে বালুকাবেলায় হোক না সময়ের কালক্ষেপণ,  
তবুও তোমাতেই হোক নতুনের আগমন।

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95/#comments
