# তন্ত্রের খেরোখাতা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-17T03:30:43+00:00
- Updated: 2020-05-17T14:40:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/

---

রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কোথায় আজ তারা?  
মুখ থুবড়ে পড়েছে বস্তির ঐ গিঞ্জি গলির নর্দমায়।  
যেথায় ফাঁক ফোকরে চলে হিরোইঞ্চি আর গাঁজা খোরদের  
জীবন-দর্শণের কচকচানি,  
রাতের আঁধারে লাস্যময়ী হয়ে ওঠে ললনা-রা  
জীর্ণশীর্ণ, এলেবেলে দেহবল্লরীতে,  
ক্ষুধার্ত নেড়ি কুত্তাটা সঙ্গী হয় হাড্ডিসার পথশিশুদের কোটরে।  
যেথায় চর্চিত হয় প্রতিনিয়ত খিস্তিখেউড় আর কাম-কলার নৈপুণ্য।

রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র বহাল তবিয়তে আছে  
উচ্চবিত্ত, সমাজপতিদের ড্রইংরুমের অলংকৃত কাঁচ-ঘরে বন্দী।  
যেথায় সমাজসেবা হয় অর্থনীতি আর নারীত্বের যৌনসম্ভোগে,  
পরপুরুষ আর পরনারীর শৌর্যবীর্যে।  
সন্তানেরা গাড়ি হাঁকিয়ে ঠাটবাটে রাত্রি-জলসায়  
বুঁদ হয়ে রয় সখা সখি লয়ে মদিরাতে।  
সুখের ঠিকানা খুঁজতে গিয়ে পড়ে রয় শিকড় উপড়ে  
উঁচু তলার স্টিকার গায়ে, যেথায়-সেথায়।  
কে-বা পিতা, কে-বা মাতা ,  
কোথায় গন্তব্য জানা নেই-কো কারো!

সব তন্ত্র মিলে হয়েছে নীতি আর বাঁধা তন্ত্র  
ঐ মধ্যবিত্তদের চার দেয়ালে।  
সহস্র স্বপ্নালু-পালক ছিন্নভিন্ন,  
বিদ্যার কালি লেপ্টে দেয় বেকারত্বের অভিশাপ,  
নেশাতুর চোখে জ্বলে না-পাওয়ার আক্ষেপের  
হিংসা-প্রতিহিংসার অগ্নিশিখা অনির্বাণ।  
সুখসারি অধরা-ই রয়ে যায় আমৃত্যু আত্ন-অহমিকা,  
স্বপ্ন-বুনন, সমাজের দায়-দায়িত্বের যাঁতাকলে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/#comments
