# ড্যাফোডিল এঁকে দিও (সোনেলা ম্যাগাজিন – ২০২২)

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2022-07-22T19:35:58+00:00
- Updated: 2022-07-26T15:24:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%93/

---

একবুক যন্ত্রণা আমার চোখে জল এনে দিতে পারেনা।

তোমাদের দোষ কি?

ভেতরের দহন অর্বাচীন,খালি চোখে দেখা যায়না ;

চাই হৃদয়ের স্বচ্ছ দূরবীন!

একাধিক বার পুড়েছে যে হৃদয়,সে কাঠ কয়লার পুড়বার ভয় কি?

প্রত্যুষে সূর্য পোড়ায়, রাতে দুঃখের তুষে!

অহর্নিশ ভাঙা-গড়া, রূপ-প্রতিরূপের আপোষে পোড়ায় কথার বিষে!

আজকাল বুঝে গেছি, লাভ কিছু নেই অভিশাপ পুষে।

শাপ-শাপান্ত ঈশ্বরের জন্য।

আমিতো এক নগন্য মাুনষ,

আমার সহ্যসীমা বাড়ানোর কৌশল অভিনব যেমন- সাপের খোলস।

দ্যাখো তোমরা, জীবনকে বাজি রাখতে আমার বাঁধেনা,

পিঠকে চাবুকের নিচে সপে দিতে বুক কাঁপেনা।

কেন কি জানো?

আমি জেনে গেছি, তোমরা আমাকে কখনো ভালোবাসোনি!

ভালোবাসাহীন প্রাসাদ আমার চাইনা; চাইনা তোমাদের বিড়াল তপস্যা!

আমাকে দণ্ড দাও, দাও অন্ধকার কুঠুরিতে পাথর চাপা!

আমার কষ্ট দেখে যদি তোমাদের বুকে ভালোবাসা জাগে,

নয়ন মুদিব অনুরাগে।

একগুচ্ছ ড্যাফোডিল ফুল এঁকে দিও এপিটাপে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%93/#comments
