# টুকরো স্মৃতির ভিড়

Author: তাপসকিরণ রায়
Published: 2013-10-27
Category: কবিতা
Tags: হৃদয় আর কতটুকু ধরে নেবে জীবনে !
URL: https://sonelablog.com/%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a7%9c/

বয়সের প্রান্তে এসে যদি ফিরে দেখি,

কত কি যে মনে পড়ে–মনে পড়ে  সেই কথা–

অনেক ভরসা দিয়ে একদিন বলে ছিলাম,

ভাই ! আমি তো আছি !

ভরসার সমস্ত কিছু আজ ছিঁড়ে গেছে কথা।

বোন বিয়ে হয়ে যে দিন বিদায় নিলো,

কোথা থেকে কান্নার ঢল কালো মেঘ হয়ে

নেমে ছিল বৃষ্টির ঝাঁক,বলতে পারব না !

মাকে সেই,মা,বলে ডেকে ওঠার মনটা

কখন হারিয়ে ফেলেছি কে জানে !

ভারাক্রান্ত মনে এমনি কত যে টুকরো স্মৃতির ভিড় !

সময় ধরে রাখে সব–

প্রবাহিত দিন রাত ছুটে যায় অব্যর্থ লক্ষ্যে–

স্মৃতির কানামাছি আলোছায়া খেলে যায়,

হৃদয় আর কতটুকু ধরে নেবে জীবনে !

কালের স্রোতে নিজেকে ছেড়ে দেওয়া,

সমুখ বর্তমানে নিত্য এক এক রাতের পর

প্রতিদিন সকালের ফুটে ওঠা,

মাঝে মাঝে আনমন স্মৃতির ঝাঁপিতে

নেমে আসে অস্পষ্ট ঝাপসা চোখ–

হায় ! এই স্মৃতি ও কল্পনাটুকু যদি

কেড়ে নিতে পরতে তুমি,হে আমার বিধাতা !
