# জেগে থেকো, অপেক্ষায় জেগে থেকো প্রিয়তমা !

- Author: [মর্তুজা হাসান সৈকত](https://sonelablog.com/author/mortuzashaikat/)
- Published: 2013-06-26T05:51:53+00:00
- Updated: 2013-06-26T06:11:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: ভালোবাসার কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87/

---

এত ভালোবেসেছো, কোথায় যাই তোমায় ছেড়ে টুকটুকে লাল ফুল ? যতই  
চাই, দুই চোখের মনি ফেটে, তোমার ভালোবাসা উপচে পড়ে, উপচে  
পড়ে টলমল অশ্রুবিন্দু হয়ে । কিভাবে যাই আমি ? জেনো, তুমিতো স্বপ্ন  
কিংবা কল্পনা নও, স্বপ্নাধিক সত্যি ভালোবাসা । হৃদয়ের খুব কাছে শাদা  
নীলমনি ফুল, ফুটেছো সমস্ত আবেগ মিশিয়ে । দীর্ঘশ্বাস ফেলে বলো কিভাবে  
বলি, দুটি পথ দুই দিকে বিস্তৃত এখানটায়, ফিরে আসাটাই এপথে সবচে  
সংশয়  ! এসো, তারচে বিদায়ী চুম্বন এঁকে যাই টুকটুকে লাল ঠোঁটে তোমার !

শুধুতো এ জন্মটাই নয়, এমন অজস্র জন্মই উৎসর্গ করেছি তোমায় । তোমার  
চোখের পাতা ছুঁয়ে, ঠোঁটের উঠোন ছুঁয়ে কী সাধ্য আমার আমন্ত্রনপত্র হই  
বেদনার ! চোখে মেঘ জমিয়ে, মুখ মলিন করে বলো জানাই কিভাবে, ভালোবাসার  
জন্য পৃথিবী এখন যথার্থই অবরুদ্ধ । শোনো পুনর্বার বলি, এরচে যথার্থ জেনে নাও,  
হে সৌন্দর্যের অভিধা, স্বপ্ন হৃদভুমির, নীলপদ্ম ভালোবাসার, অজস্র অজস্র জন্ম ধরে  
আমিই তুমি, আমিই হৃদয়ে তুমি । কবে থেকে সেই হেঁটে যাচ্ছি একসাথে, যাচ্ছি  
তুষারময় পথে । বলো, বিদায়ী চুম্বন কিভাবে এঁকে যাই টুকটুকে লাল ঠোঁটে তোমার ?

কী চাও এরচে ? হৃদয়ের ভবঘুরেটাকেইতো ? নিয়ে নাও, নাও । তোমাকেই দিলাম ।  
ওর মালিকানাও দিলাম । হে সত্ত্ব বিশুদ্ধ শব্দশিল্পের, অভিধা সৌন্দর্যের জেনে নাও,  
বলি জেনে নাও, ভালোবাসার বাসনা ছুঁয়ে, তোমার চুল, ওষ্ঠ, ত্বক, গ্রীবার গুচ্ছ গুচ্ছ স্বপ্ন  
ছুঁয়ে এ হৃদয় তোমাতেই সঁপেছি । সঁপেছি জন্মাধিক ভালোবাসায় ।  চাইলে তুমি,  
যাব শেষ অব্দিও পৃথিবীর । এনে দেবো মৃণালের শীর্ষে পদ্ম কিংবা শতবর্ষী গোলাপ ।  
গুচ্ছ গুচ্ছ রঙিন স্বপ্ন গুজে দেবো খোঁপায় । এভাবে ভালোবেসে, শতাব্দীর পর শতাব্দী  
স্বপ্নচূরোয় জ্বলজ্বল করলে ভালোবাসা আমাদের, হৃদয় জুড়ে সেদিন নড়বোনা একতিলও !

কেবল তুমি এই তিনটে বছর, তিনটে বছর তুষার ঝড় ছাপিয়ে, ঝরাপাতাদের দীর্ঘশ্বাস  
ছাপিয়ে জেগে থেকো, জেগে থেকো প্রিয়তমা, জেগে থেকো হৃদয়ে এই । দেখবে,  
অদূরের কোনো এক মার্চেই স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য ভুলে, নিঃশ্বাস ও বিশ্বাসময় স্পন্দন  
হয়ে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে ভালোবাসা আমাদের । উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত । ছড়িয়ে  
যাবে সুখের দ্বীপপুঞ্জ হয়ে । সেদিন তুমি আমি প্রেমে, পুস্পে, সঙ্গমে, আশ্লেষে মধুময়  
ভালোবাসা হয়ে ছড়িয়ে যাবো । ছড়িয়ে যাবো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত । সেদিন সমগ্র  
পৃথিবী টেনে নেবো আমাদের পৃথিবীতে । ভালোবাসার নীলপদ্ম হয়ে তুমি কেবল এই তিনটে  
বছর মননে মগজে অপেক্ষা জাগিয়ে রেখো । প্রিয়তমা, জাগিয়ে রেখো ভালোবাসা আমাদের ।

 

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87/#comments
