# জীবন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-01T07:00:04+00:00
- Updated: 2020-11-01T08:43:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-5/

---

 

জীবন-তুমি শরতের কাঁশবনে দামাল ছেলে-মেয়ের লুকোচুরি খেলা।  
পৌষের সকালে শিশিরের বুকে নিটল-পায়ে পথচলা।  
শ্রাবণের বৃষ্টিতে শীতল স্পর্শে দেহে দাও যে দোলা,  
আবার ক্ষণিকের ঝড়ে ওলোট-পালট করে দাও যে সাঙ্গ-খেলা।  
মাঘের শীতে কম্পিত করো আবাল, বৃদ্ধা, তরুনীর দেহলীলা।  
অমাবস্যার আঁধারে প্রদীপ হাতে বধূর অপেক্ষার প্রহর পালা।  
পূর্ণিমায় জ্যোৎস্না-স্নাত কিশোরীর অবুঝ-হৃদয়ের দোলা।  
তুমি ক্ষুধার্ত পথ-শিশুর একমুঠো ভাতের থালা।  
আবার ধনীর আলালের পোষাক বদলের মতোই  
নিত্যনতুন গাড়ি-বাড়ি বদলানোর পালা।

কখনো অতৃপ্ত সুখ আবার দুঃখের সীমাহীন জ্বালা।  
নদীর বুকে রংধনু রঙ্গে সাজানো তরী-পালতোলা।  
কখনো সাগর পানে বহতা নদীর ছুটে চলা-  
নিয়ে অসীম কামনার বরণ-ডালা।  
কখনো জানালায় ভোরের সিন্গ্ধ আলো সকাল বেলা-  
কখনোবা সূর্যের তাপদাহে কৃষাণের ফসল তোলা।  
স্বপ্নের বাসর সাজিয়ে ঘুমঘোরে করো ছলাকলা,  
বাস্তবতার ধূসর আকাশে ছড়াও বেদনার রাসলীলা।  
নবজাতকের বাহুডোরে এসে নৃত্য করো সারাবেলা-  
সাঁঝবেলায় মৃত্যুরে দাও বরণ-মালা।  

রচনাকাল- ২৯.১০.২০১৪

ছবি-নিজ

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-5/#comments
