# জীবন সুন্দর, আত্মহত্যা কখনোই নয়l

Author: জুলিয়াস সিজার
Published: 2015-03-14
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%96/

ধরুন আপনার খুব খারাপ সময় যাচ্ছে। অনেক খারাপ সময় যাচ্ছে। বেঁচে থাকার জন্য নূন্যতম যে মানসিক শক্তিটা থাকা প্রয়োজন সেটাও হারিয়ে ফেলেছেন। ভাবছেন সুইসাইড করবেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে।

ওয়েট, অপেক্ষা করুন। ভাবুন আপনি খারাপ স্বপ্ন দেখছেন রাতের ঘুমে। আপনার খারাপ সময়টা একটা খারাপ স্বপ্ন। ঘুম ভাঙলেই আপনি দেখবেন অনেক সুন্দর একটি সকাল আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো ঘুম ভেঙেই আপনি দেখবেন কোমল মিষ্টি রোদ, আকাশের নীল। হয়তো দেখতে পাবেন আপনার বারান্দার ফুল গাছটাতে ফুল ফুটেছে। ছোট চড়ুইয়ের বাচ্চার মিহিমিহি আওয়াজও শুনতে পারেন। হয়তো দেখবেন আপনার বাসার কার্নিশের চড়ুইগুলোর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। কিংবা দেখবেন আকাশ মেঘলা, হালকা মন খারাপ ভাব। আপনি বিছানায় শুয়েই শুনে ফেলবেন অঞ্জন দত্তের,  
“তুমি আসবে বলে তাই,  
আমি স্বপ্ন দেখে যায়…..

পৃথিবীতে ছোট ছোট অনেক সুন্দর ঘটনা আছে। আপনার প্রথম চাকরির বেতন থেকে মাকে কিছু দিলে তিনি খুশি হবেন। আপনার ভালো রেজাল্টে তিনি একটু কাঁদবেন। আপনার ছোট ভাইবোন আপনার সাফল্য খুশি হবে। আপনার বাবা হিটলার টাইপ, সারাজীবন শাসন করেছেন। আপনার সাথে স্নেহ তিনি কমই দেখিয়েছেন। দেখবেন যখন আপনি কোন ভালো নিউজ দেবেন সেই লোকটা মুচকি হাসি দিয়ে সরে যাবে। খেয়াল করে দেখুন আড়ালে গিয়ে তিনিও চোখের জল মুছছেন।  
আপনি রাতে ফোন দেবেন। প্রেমিকার বাসা ছোট, ফোনের শব্দে বাবা জেগে যেতে পারেন। তাই গভীর রাত্রির অপেক্ষা। অনেক রাত হলে আপনি ফোন দিয়ে কুটুসকুটুস প্রেম করবেন। অনেক স্বপ্ন বুনবেন। হয়তো আপনি আপনার বেসুরো গলায় একটি গানও শোনাবেন।  
আর আছে আপনার বন্ধুরা। ছ্যাঁকা খেয়ে বসে আছেন। তারা চলে আসবে।  
– ব্যাপার না দোস্ত। একটা মেয়েই তো গেছে। আমরা তো আছি। মন খারাপ করিস না। একটা পার্টি দে ছ্যাঁকা খেলি বলে।”  
আপনার মন খারাপ থাকবে আর?

সবচেয়ে বড় ব্যাপার এতদিন ধৈর্য ধরেছেন। আর একটু ধৈর্য ধরুন। আপনার খারাপ সময় কেটে যাবে। ভালো সময় আসবে। আপনি মুক্তি পাবেন, মুক্তির আনন্দ পাবেন।

সুইসাইড করলে এসব কি আপনি পাবেন? পৃথিবীর ছোট ছোট সুন্দর ঘটনা এবং মুহুর্তগুলো আপনি কেন মিস করবেন বলুন?  
জীবন সুন্দর। জীবনের অনেক গল্প থাকে। অপেক্ষা করুন। ভালো সময়ের গল্পও আসবে।
