# ঝুলে যাওয়া জীবন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-08-28T18:00:07+00:00
- Updated: 2020-08-30T01:54:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7/

---

 

জীবনের দাঁড়ি, কমা গুলো দিগ্বিদিক;  
কোথায় দাঁড়াবে বোধগম্য নয়।  
গাছের পাতারাও ঝুলে থাকে শক্ত ডাল আঁকড়ে।  
ব্যথার পালটা ওলোটপালোট বাতাসের নিষিদ্ধ হালে;  
কর্পোরেট ভালোবাসায় গন্ধবিহীন মুগ্ধতা, আলিঙ্গন।  
জীবন্ত সীসাগুলো পীচঢালা পথে নর্দমার কীট ভক্ষণে  
ব্রত;  
নশ্বর দেহগুলো নেতিয়ে পড়েছে কোঁচকানো অলিখিত কাগজের বিছানায়!  
নিকোটিনের কালো ধোঁয়া অলিতে গলিতে ঢুকে গেছে।  
তুমি আমি আছি মনুষ্যত্বের মঞ্চায়ন থিয়েটারে বন্দী।  

সমুদ্রের লোনা বাতাসে ভেসে বেড়ায় লোভের সলিল আর্ত্ননাদ;  
কর্পূরের মতো উড়ছে বেনামী সম্পর্কের সাতকাহন।  
বাসনার প্রদীপ নিভু নিভু জ্বলছে তৈলাক্ত সলতের অভাবে,  
মদ , জুসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মদের পেয়ালা অট্টহাসিতে ফেটে পড়ে।  
তাই দেখে কালোবাজারিরা দুর্নীতির খাতায় নিলাম ডাকে।  
দুঃস্বপ্নরা বাসা বাঁধে হাইব্রিড মস্তিষ্কের নিউরণ শাখায়;  
সূর্যের তাপে পোড়া আত্নাদের মাংসের খাঁচায় ছটফটানি।  
মাকড়সার জালের মতো ঝুলে আছে,  
জড়িয়ে আছে সব ভাবনার অন্তরেখা।

ছবি- গুগল

---

Comments: 45 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7/#comments
