# জল জঙ্গলের মহাকাব্য

Author: জসীম উদ্দীন মুহম্মদ
Published: 2014-11-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

নির্ঘুম চোরা চোখে তোমার দিকে তাকিয়ে আছি  
অফুরন্ত যাযারব সময় বড় বিব্রত  
কোন কালে কোন ফটোগ্রাফারের ক্যামারায়  
আলোক বন্দী ; চেতনে-অবচেতনে  
পাশার গুটির মত উল্টাই আজব রথ ।  
একবার না হয় চোখ মেলে দেখো–  
নীরবতার মোক্ষম ভাষা  
বর্ণে বর্ণে কেমন মদিরতা  
তোমার জল জঙ্গলের মহাকাব্য  
রচনা করে উর্বশী চাঁদ ।  
আমার অহংকারের পৌরুষ কেমন লুটায়  
তোমার আলতা রাঙা পায়  
আঙুলের ভিতর আঙুল কেমন খেলে  
দেখো পায়ে পায়ে কেমন কবিতা হয়  
বুকের ভিতর বুক, চোখের ভিতর চোখ  
কেমন করে ধুঁক ধুঁক !
