# জলে ভাসা পদ্য

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-25T10:34:11+00:00
- Updated: 2021-03-25T10:34:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/

---

 

এই খর চৈত্রে  
কোন্ খেলা খেলতে, খেলিয়ে নিতে ভারি মজা!  
হাজার-বিজার খেলে দেয়া খেলায়;  
ঢিশুম্-ঢাশুম, ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস  
ছি-বুড়ি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, এক্কা দোক্কা,  
আর-ও কতশত কত কী, জানা অজানা;

সব থেকে সহজ, পড়া-পড়া খেলা;  
নিবিষ্ট নিবিড় নিঝুমে, চৈত্রের কোকিল দুপুরে  
একাকী রাত্রির নিশুম গভীরে;

চাঁদ/কাক জ্যোৎস্নায় শুদ্ধ/অশুদ্ধ গদ্য/পদ্য ছাইভস্ম  
তৃষিত হৃদয়ে, আকণ্ঠ জলে ডুবে/ভেসে  
হিক্কা তুলে, গপ-গপ থপ-থপ করে  
দু’কলম দাগিয়ে দিতে হবে, খেলে খেলে,  
খেলতে খেলতে, খেলার ভান করে, ভান ধরে,  
শাসিয়ে-কাঁদিয়ে-নাচিয়ে, জিপসি ভাব নিয়ে;  
তবে লিখতে হবে সোনার কালিতে  
জলে-ভাসা পদ্ম-পদ্যে।

কাঁপতে কাঁপতে ভাবি, নিথর মনে,  
পোড়ামুখো হদ্দ-পাজি গৌরি সেন  
কোথায় লুকিয়ে এখন?  
বস্তা খানেক পড়া-লেখা ফিক্কা দেয় না কেন?  
কেন? কেন?  
একাকার সৃষ্টির দোলাচলে!! দগ্ধ হৃদয়ে।

ছবি নেটের।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/#comments
