# ছেলেবেলার বিজয়দিবস ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-12-16T04:28:38+00:00
- Updated: 2014-12-26T03:45:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [গল্প](https://sonelablog.com/category/literacy/story/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a5%a4/

---

![T](http://www.alokitobangladesh.com/assets/images/news_images/2013/12/09/ji%204_38914.jpg)

ছেলেবেলার বিজয়দিবস ।

ছেলেবেলার স্মৃতিময় সময়টা সবচেয়ে বেশী নষ্টালজিক । সুযোগ পেলেই সবাই একবার ঘুরে আসতে চায় স্বর্ণালী অতীতে ।

ছেলেবেলায় বিজয়দিবসে আমাদের কয়েকদিন আগে থেকেই বিভিন্ন প্লান থাকত তারমধ্যে অন্যতম হচ্ছে রাতে ফুল চুরি করা । কোন কোন বাড়ি থেকে রাতে ফুল চুরি হবে সেটা আগেই সিলেক্ট করা থাকত । যদিও অত্যধিক সাহসের কারণে আমি এসব ঝুঁকিপূর্ণ মিশনে অংশগ্রহণ করতাম না । কারণ ফুল চুরি করতে গিয়ে ধরা পড়ার সম্ভাবনা ও অত্যধিক । আমাদের বীর চোরেরা অনেকবারই হাতেনাতে ধরা পড়েছেন । তবুও কথায় আছে না পরাজয়ে ডরে না বীর । এতে তাঁরা মোটেও বিচলিত নন বরং পরের বার দ্বিগুণ উৎসাহে তাঁরা এই মহৎ কাজে ঝাপিয়ে পড়তেন ।

এরপর বহুকষ্টে অর্জিত ফুল নিয়ে আমরা খালি পায়ে শহীদদের শ্রদ্ধা জানাতে রওনা হতাম । স্কুলে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হত । এরমাঝে বিজয় দিবসের শহীদের উদ্দেশ্যে দোয়া আদায় করার জন্য বিশেষ অনুষ্ঠান হত । হিন্দু মুসলিম একসাথে দোয়া করতাম (তখন হিন্দু মুসলিম বোধ এত প্রকট ছিল না) মূল উদ্দেশ্য হল অনুষ্ঠান শেষে তবারক দেয়া হবে ওখানে আরেক দফা শয়তানি করতে হবে । সবার জন্য একটা করে বা একবার তবারক বরাদ্দ থাকলেও আমাদের টার্গেট কিভাবে ফাঁকি দিয়ে একাধিক বার নেয়া যায় । যে যার সাধ্যমত তবারক সংগ্রহের পর হিসাব হত কে কতবার বেশী নিতে পেরেছে । এই অংশে যে বেশীবার নিতে পেরেছে সেই জয়ী ।

বিকালে স্কুলের খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হত । আর আমরা বিকাল থেকে আয়োজন করতাম বিজয় দিবস উপলক্ষে বিশেষ পার্টির । পার্টিতে বিশেষ আকর্ষণ হল পার্টি শেষে আমাদের রাত্রিকালীন সমাপনী মিশন । মিশনের প্রধান টার্গেট হল এলাকার নারকেল গাছের ডাব । এখানেও আমাদের বীরেরা অসামান্য দক্ষতা এবং নিপুনতার সাথে গাছ থেকে ডাব গায়েব করে দিতেন । মজার ব্যাপার হল চুরি করার সময় আমাদের গাছও বাদ পড়ত না । আমি বলতাম যা করিস সাবধানে, বাবা যেন টের না পায় । সেক্ষেত্রে আমরা একটা বিশেষ পদ্ধতি প্রয়োগ করতাম । ডাবের উপরের অংশে ছোট্টো একটা ছিদ্র করে পেপসির নল ঢুকিয়ে ডাবের পানি সাবাড় করা হত । বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ডাবের ভিতর টা ফাঁকা ।

ছেলেবেলার সেই সেই সব দিন গুলো অনেক বেশী মিস করি । মাঝেমাঝে স্মৃতির ডায়েরি খুলে হারিয়ে যাই ফেলে আসা সেই সব দিন গুলিতে ।

সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-  
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।  
কান্নাহাসির বাঁধন তারা সইল না-  
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।  
আমার প্রাণের গানের ভাষা  
শিখবে তারা ছিল আশা-  
উড়ে গেল, সকল কথা কইল না-  
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।  
স্বপন দেখি, যেন তারা কার আশে  
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-  
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।  
এত বেদন হয় কি ফাঁকি।  
ওরা কি সব ছায়ার পাখি।  
আকাশ-পারে কিছুই কি গো বইল না-  
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a5%a4/#comments
