# ছুটে যেতে চাই

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-03-06
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো,  
ঘুম থেকে নামাজ ভালো,  
সু-পরিচিত মুয়াজ্জিনের কণ্ঠ নিয়মিত নিয়ম করে ডাকে;

আমি ছুটে যাই, শান্ত-প্রশান্ত-প্রশস্ত চিত্তে,  
যাই উদভ্রান্তের মত ছুটতে ছুটতে;

আমি যেতে চাই না, যাই না, ঘুমিয়ে থাকি, নির্ঘুম থেকে;

প্রার্থনায় নত হই গভীর থেকে গভীরতম ভাবে,  
শ্রেষ্ঠতম নিবেদনে।

আমি আমাতে থাকি-না, প্রার্থনায়-ও না,  
ঘুম-নির্ঘুমে-ও না, মঙ্গলে-অমঙ্গলে-ও না,  
শুধুই দীনতা-হীনতা অভাব্য-অসভ্যতায়, জানি তা।

দূর সুদূরের আতীব্র ঘ্রাণে হারিয়ে যাই;  
বিকাশহীন অস্তিত্বে, সে-ও;

এ কোন্‌ ষড়যন্ত্রপরায়ণতা!!
