# দগ্ধ মানবতা

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2014-01-18T03:53:14+00:00
- Updated: 2014-01-18T04:03:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অগ্নিদগ্ধ মানুষ, নীলকন্ঠ জয়ের কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী, বিপন্ন মানবতা
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%83-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/

---

হে মানবতা,  
তোমার জন্য এনেছি জ্বলন্ত এক মানব কাবাব,  
মানবিক বিবেকহীন মানবতার ধ্বজা ধরে চলছে যে নপুংসুকের দল,  
তাদের জন্যও।  
গৃহহীন স্বপ্ন দেখে যে গৃহপালিত পশুরা  
তাদের জন্যও গরম এ কাবাব,  
হালুয়া রুটি খেয়ে যারা কথাবন্ধু সাজে  
প্রথম পাবে তারা।  
মানবতা,  
তুমি পাবে কিয়দাংশ,কারণ  
এত এত সুশীলের উদর পূর্তি  
আর গৃহপালিত কিংবা কথাবন্ধুদের ভুরিভোজের  
পরেই না তুমি।  
শাহীনার কাবাব, আমেনার কাবাব,  
বক্করের কাবাবের সাথে আম জনতা উপহার দিলো  
আলী আব্বাসের কাবাব।  
হে মানবতা,  
তোমার জন্য এনেছি, আনবো আরো আরো জ্বলন্ত কাবাব।

[!\[জ্বলন্ত মানবতা\](http://jalchhabibatayan.com/wp-content/uploads/2014/01/34560.jpg)](http://jalchhabibatayan.com/wp-content/uploads/2014/01/34560.jpg)

*জ্বলন্ত মানবতা*

(গতকাল মুন্সিগঞ্জে গাঁয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় আলী আব্বাসকে, এটা রাজনৈতিক নয়। কিন্তু ঘটনা অন্তঃ রাজনীতি। যেদেশে রাষ্ট্রের বৃহৎ দুই দল মানুষ পোড়ানোর রাজনীতিতে আস্থা রাখে, যে দেশের সুশীল সমাজ পরোক্ষভাবে সমর্থন যোগায়, টকশোবিদরা কৌশলে ম্যাচের কাঠিটা ঠূকে দেয়, সে দেশের সাধারণ মানুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না । যে দেশে ধর্মের নামে মানুষ জ্বলে, যে দেশে রাজনীতির নামে মানুষ জ্বলে, যে দেশে বন্ধুর সাথে ঝগড়া হলেও মানুষ জ্বলে কাবাব হয়ে যায়, সে দেশের অতি সাধারণ মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু কি করে আশা করি?)

বিঃদ্রঃ লেখাটিকে কেউ কবিতা ভাববেন না। কবির কলম কবিতার ভাষায় কথা বলবে,প্রতিবাদ করবে। কিন্তু আজ শুধুই ঘৃণা জানালাম।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%83-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be/#comments
