# ছায়ার মায়া-রৌদ্র

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-10-11T01:55:08+00:00
- Updated: 2018-10-11T02:04:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0/

---

অপেক্ষার চৌহদ্দি পেরিয়ে ছায়ার উঁকিঝুঁকি  
রোদ আসে-না/আসে-নি, এমন হয়-না/হয়-নি  
কখনও আগে।

কু-ডাক!  
তাও-তো মনে আসে-না/আসে-নি এখনও।  
পরকীয়া! তাও মানি-না/মানছি-না,  
নিকুচি করি নূতন নিয়মের, সেফ কচুকাটা।

উদাস দুপুরে চ’সে ফেলা এদিক সেদিক  
নীলের সমুদ্র ঝড়  
সবুরের মেওয়া, তাও ঠাণ্ডায় গুটিসুটি;

স্বহনন! উহ্‌, তাও সম্ভব না, বাঁধা আছে সহ-মরণে!

অকস্মাৎ তেড়েফুঁড়ে বাতাস ফেলে গেল ছোট্ট চিরকুট  
বুকে হাপর তুলে প্রমাদ গুনছি! কিছু একটা গোল  
বেধেছে/বাধিয়েছে নিশ্চয়ই!

সাবমেরিন কেবল সহসাই কাটা আ-কাটায়  
ঘুমিয়ে পড়ে, নিঃশ্চুপ ভাইবার মেসেঞ্জার হোয়াটস-আপ।  
নিকুচি করি। কচু পুড়ে খা, কাচাও যদি মন চায়!  
হারামি-বজ্জাত-শকুন-তেলাপোকা-খাটাশ-ছুঁচো যত্তোসব!  
মর, মরে প্যাত্না হ, ঘাটের-মরা খা,  
হিংসে হয়!! জানিতো!

পেল্লায় পাহাড় দাঁড়িয়েছে এবার রোদের পথ আঁটকে!!  
স্বেদ-বিন্দুর সোনালী ক্রন্দন ঝুলে থাকে  
আলোর আলেয়া হয়ে!!  
অপেক্ষার সৎকার সে-ও তো হবার নয়।

কিছু বিষাদ এঁকেছে চোখ, বিপন্ন বিস্ময়ে  
রোদ আসেনি বলে  
সান্ধ্য-নির্জনতায় ছায়ার অভুক্ত চোখে;

অভিশাপে ছুঁড়ে দিলাম একটি মাত্র দশ মাত্রার ভূকম্প,  
কাঁদো কাঁদো, কেঁদে-কেটে নিরন্ন হয়ে লুটিয়ে পড়,  
সাবধান! হা যেন বড় না হয়, পাজির পা-ঝারা বীর পুঙ্গব!

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0/#comments
