# চোখের-ব্যথা-সুখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-10-22T02:44:34+00:00
- Updated: 2018-10-22T02:44:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/

---

চোখ এবার রাগ করেছে, ভীষণ রাগ  
অর্ধ-নির্মিলিত নির্নিমেষ চোখে,  
কিছুতেই সে খাবে না ভাত  
কবিতা খাবে!  
এত্ত এত্ত কবিতা কোত্থেকে আসে/আসবে  
কবিতা তাই ভাবতে বসে!!

[এরা ভাবা-ভাবি করুক, করতেই থাকুক, আমরা অন্য কিছু  
ভাবি/দেখি/খুঁজি]

চোখ এবার খুলে বসেছে চোখের হৃদ-খাতা  
সব পড়ে-টড়ে মুখস্থ-টুখস্থ করে খেয়ে ফেলবে!!

[তা করুক না! যা খুশি, সমস্যা নেই]

আ-দিগন্ত সবুজের মাঝে কৃষ্ণচুড়ার-গাঢ়-লালে চোখ-ছুঁয়ে  
চোখ ভেবেছিল আহা জীবন, আহারে জীবন, এইতো জীবন,  
বা  
যে চোখে, চোখ জ্যোৎস্না-কাজল এঁকেছে, ভেসেছে স্বপ্ন-স্রোতে,  
কাল-রাতের গভীর-ঘুমে স্বপ্ন-চোখ কোথায় হারিয়ে গেছে;  
এইতো জীবন;

ছোট্ট খাতা ফুড়িয়ে যাবে, সেই প্রিয়ার ঘোলা-চোখ, মদ আর রুটির মত!!  
চোখের তখন কী হবে!! চোখ কি পা-ছড়িয়ে কাঁদতে বসবে!!

[চোখ গেল চোখ গেল বলে ডাকা পাখিটি অনেকদিন এদিকে  
আসে-না/আসে-নি, পথ হারালো কী-না জানিনা/জানিনি!!]

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/#comments
