# চুল এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-10-02T05:08:04+00:00
- Updated: 2021-10-02T05:11:40+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: #চুল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf/

---

গত দুই-তিনদিন ধরে একটি আলোচিত বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। আমি শুধু ভাবছি আর ভাবছি, কিন্তু কোন কূল-কিনারা পাচ্ছি না। উহু, ক্রিকেটার নাসিরের বউ/বিয়েকে হাইকোর্ট বৈধ বা অবৈধ করে কেন দিলো, অথবা বাংলার এন্টার্কটিক বিজ্ঞানী নোবেলম্যান (?) কাজী ইব্রাহীম এখন কোথায় কেমন আছেন সেসব নিয়েও ভাবছি না। আমার মস্তিষ্কের ভাবনায় কেবলই লাখ-লাখ টাকার চুল ঘুরছে!

প্রাপ্ত সংবাদ- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ফারহানা ইয়াসমিন কর্তৃক [১৪ জন ছাত্রের চুল কেটে দেয়ার ঘটনায় প্রত্যেক শিক্ষার্থীকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।](https://m.youtube.com/watch?v=gwRinDFudds&feature=youtu.be) এবং রিটের পরিপ্রেক্ষিতে ছাত্রদের চুল কাটা কেনো অবৈধ হবে না এবং চুল কাটার ঘটনায় প্রত্যেক শিক্ষার্থীকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন মহামান্য উচ্চআদালত।

আরও দেখলাম, প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনকে প্রশাসনিক তিনটি পদ থেকে অব্যাহতি সহ সাময়িক বরখাস্ত দেয়া হয়েছে। কিন্তু তাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক তুষ্টি ঘটেনি। তারা ম্যাডামের স্থায়ী অপসারণের দাবিতে অনশন করছে।

জানতে ইচ্ছে হয় ,  
শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষার্থীদের নাজেহাল হওয়ার সংবাদ আমাদের দেশে নতুন নয়। বরং বেশিরভাগ অভিযোগের ক্ষেত্রে শিক্ষকদের প্রতি আইনের দয়াপূর্ণ প্রয়োগ দেখতেই আমরা অভ্যস্ত। তাহলে, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের ক্ষেত্রে আইনপ্রয়োগকারীরা এমন কঠোর হয়ে গেলেন কেন? তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করা হয়েছে সেসব আসলেই কতটুকু যৌক্তিক? এমন অনেক অনেক স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয় আছে যেখানে শিক্ষার্থীদের জন্য পোশাক, এবং সাজসজ্জা শিক্ষকদের দ্বারা নির্দিষ্ট করা হয়। সেখানে শিক্ষকদের বলা/ধরেবেধে দেওয়া নিয়ম-ই চুড়ান্ত। কারো কোন কিছু বলার বা বিরুদ্ধচারণের সুযোগ নেই। ফারহানা ম্যাডামের বেলায় হঠাৎ কি হলো? তিনি একজন নারী এটা একটি কারন নয়তো?

এবার কিছু ঘটনায় আলোকপাত করি। কিছুদিন আগে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রকে চাঁদার দাবিতে তার ডান হাতের দুইটা আঙ্গুল কেটে দেয়া হয়। এখন পর্যন্ত যতটা জেনেছি ঐ ঘটনায় কোনো রিট করা হয়নি। কেউ করেনি। তারমানে তাকে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নই আসে না।

আরেকটু বলি, চট্টগ্রামের আগ্রাবাদের রাস্তার ড্রেনে পড়ে দুইব্যাক্তির নিখোঁজ হওয়া সহ কলেজছাত্রী সাদিয়ার মৃত্যুতেও কেউ স্বপ্রণোদিত হয়ে কোনো রিট করেনি। এমনকি তার/তাদের পরিবারকে বিশেষ কোন স্থান থেকে কোনরকম সান্ত্বনা বা সুবিচারের আশ্বাস দেয়া হয়েছে, এমন কোন খবরও পাওয়া যায়নি। হয়তো কোনো ক্ষতিপূরণ দেয়া হবে এমন কোন খবর কখনোই আসবেনা।

একজন শিক্ষার্থীর মাথার চুলের (যেটা না থাকলে/কমে গেলে কারো জীবন সম্পুর্ন স্টপ হয়ে যাওয়ার নয়)  ক্ষতিপূরণ যদি ২০ লাখ হয়, এবং এই ঘটনা আদালতের দৃষ্টিতে ধর্তব্য ঘটনায় পরিনত হয়ে যায়, তাহলে একটা ছেলের জীবন অচল করে দিতে তার কাটা দুই আঙ্গুলের দাম অথবা একটা মেয়ের জীবনের দাম নিয়ে ভাবার সময় কি হাইকোর্টের নেই!

এখানে আমি/আমরা কি বলতে পারি না মাননীয় উচ্চ আদালত বিমাতৃসুলভ আচরণের পথে চলছে?

আরও অনেককিছু বলার আছে/থাকেও। কিন্তু বলা যায়না। আমাদের বাক স্বাধীনতা মুলত কাগজ আর কলমের ডগায় ঝুলে আছে, বাস্তবে প্রকাশ করার জন্য যেমন একটা শিরদাঁড়া প্রয়োজন সেটা কি আমার/আমাদের আদৌ আছে!!

যে দেশের ইতিহাসে ভাষা মুক্তি আন্দোলনে,  স্বাধীনতা লাভে, গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্র-আন্দোলন/ ছাত্র-সমাজের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা আছে, সে-ই দেশের ছাত্ররা এখন অনশন/আন্দোলন করে কয়টা চুলের জন্যে! এসব শিক্ষার্থীদের নিয়ে আমাদের (অভিভাবকদের) লজ্জিত এবং চিন্তিত হওয়ার সময় এসেছে।

 

ফিচার ছবি-গুগল।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf/#comments
