# চিরজীবী; আমি তরুণী বাংলাদেশ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-12-15T06:04:26+00:00
- Updated: 2019-12-15T06:04:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

---

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;  
চতুর্দিকে আজ আমার ফেলে আসা পুরানো সব ক্ষত  
নতুন ধাঁচে নতুন করে সেই উতলে উঠেছে- হাত দিও না।  
সিদ্ধেশ্বরীর অন্ধরাতে আমার জমজ ব্যথা পড়ে থাকে  
কাঁটাতারের ঝুলে থাকে আমার শতছিন্ন ব্যথার পতাকা  
আর ভি আই পি কবলে অকালে স্বর্গ আঁকি- হাত দিও না।

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;  
দালালী মঞ্চে যখন আমার রাষ্ট্রনায়ক নির্বাক নৃত্যশিল্পী  
ছদ্মবেশী আগুনে পুড়ে ডিসকাউন্টে চাষী- হাত দিও না।

আমি বলছি-  
এমনভাবে আচমকা আমার ভিতর হাত দিও না  
আমি কোনো গুম হওয়া ধর্ষিতা নারীর চামড়া নই  
আমি কোনো বাধর্ক্য নারীর অপুষ্টিজনিত বিবেক নই  
হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ  
একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;  
প্রেমিকের পরিহিত লালটিপ কর্কশ ছোঁয়ায় সরে গেলে  
জেগে উঠবো আবার- যুগের পুরোনো সব ইতিহাসে  
সুযোগে, আনাচে-কানাচে, গলিপথে আমার ঘুমন্ত শরীরে  
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না  
কসম প্রজন্মের রক্তচিত্রে আবার গিলে খাবো তোমাকে।

নেত্রকোণা, ময়মনসিংহ

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/#comments
