# চিঠিপত্র (প্রতিযোগিতা)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-05T07:11:47+00:00
- Updated: 2017-03-05T09:10:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

 

প্রিয় গুণতরাসী,

ভাবনা না-ভাবনার অজস্র জলা-জঙ্গলকে পাশে ফেলে  
পাশ কাটিয়ে নির্বিকার শুয়ে থাকো, জলস্রোতে ভেসে ভেসে  
ফিনফিনে মনে; এ-পাশ থেকে ও-পাশে  
ও-পাশ থেকে এ-পাশে।  
নাছোড় হাতে হাত রেখে, হাত ধরে উঠে এসো  
সহিষ্ণু হও বন্ধুত্বে,  
সখি, ফিরে ফিরে এসো, শাপলা-শালুক হাতে  
সেই বিলের ধারে;

হৃদ-পাথর বানানোর মন্ত্র কোথায় শিখলে!!  
শেখাতে হবে এমন-ও বলছি না, ঠিকানা পেলে  
শিখে নিয়ে তুখোড় খেলায় মেতে উঠবো  
পাথর-পাথর খেলে রক্তাক্ত হবো, রক্ত নেবো,  
লালের সহারোহে কসাই রাণীর মত হাসবে,  
কুহকিনীর বেশে;

বাঁন্দরনী!  
মন চায় কৈতর হয়ে উড়ি  
ঐ নীল আসমানে,  
ওদিকে  
জলবাঁদরনী ডাকে ডুবাডুবি খেলতে  
উষ্ণ-জলের সুগভীর গহীনে!!

পাগলু,  
তলে-তলে মনে-মনে  
পাগল-পাগল সুখে-সুখে  
খুঁত-খুঁতানির তোড়ে ডিঙি উল্টিয়ে  
আচ্ছা মত কোঁকাও? কোঁকাও  
আহত অনাহুতের মত,  
উদ্বৃত্তের উল্লম্ফন আস্ফালনে  
কী-বোর্ড হাতাও,  
পাগলি!!  
সেথায় লেখারা উধাও;

ইতিতে!!  
তড়পানো হৃদয় শুদ্ধ করার নিমিত্তে শাকান্নের অসাধ্য গুরুভার দণ্ড নিয়ে  
বাষ্পসলিল-চক্ষে অনুগ্রহ-পিয়াসী একান্ত বিনয়াবনত চিত্তে,

প্র-হে-লি-কা।

---

Comments: 59 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
