# চাই আজ!

- Author: [রোকসানা খন্দকার রুকু](https://sonelablog.com/author/ruku007/)
- Published: 2020-11-15T04:26:15+00:00
- Updated: 2020-11-15T12:12:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%9c/

---

জানতামই না পাথর সরালে ঝর্ণা পাওয়া যায়,

স্নানে স্নানে নিজেকে করা যায় পবিত্র।

হেঁটে বেড়িয়েছি  কতশত অমসৃণ পথ;

এলোমেলো, অগোছালো, যেমন-তেমন,

দেখেছি মরা গাছ আর শুকনো পাতার মরমর, শনশন।

শুকিয়ে গেছিল চোখের কোল!

তাই শিশির কণা গুলোকে মনে হত ফোঁটা ফোঁটা চোখের জল।

জানতামও না তার সাথে হতে পারে সূর্যস্নান।

ঘনবনের অন্ধকার পেরিয়েও পাওয়া যায় ছোট ছোট ঘাসফুলের শুভ্রতা।

তুমি এসেছিলে বলেই আশাহত হইনি কখনও, শুধু শোধরাতে চেয়েছি। পূর্ণ করতে চেয়েছি আমার সকল অপূর্নতা।

অতঃপর তুমিই মসৃন পথের বাঁকে তুলে করলে অনন্যা।বদলে গেল আমার ভূষন, চিনল কতজনে বাসলোও ভালো না চাইতেই;

অথচ তুমি আজ বড্ড অচেনা, অন্যকারও।

আজ আমার জীবনের এই ক্ষুদ্র সমারোহে বলতে চাই, পেতে চাই, নিতে চাই।

তোমার হাতে এক গোছা ফুল; বহুবছর সাজাচ্ছ যেগুলো অন্যবাগানে।

তবুও আজ চাই তোমাতে আর একবার পঠিত হোক আমার শুভেচ্ছা বার্তা।

আমার যে শুধু তোমাকেই চাই!!!

 

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%9c/#comments
