# চাঁদ ও কথকতার পৌনঃপুনিকতায়…………

Author: ছাইরাছ হেলাল
Published: 2012-10-05
Category: একান্ত অনুভূতি, বিবিধ
Tags: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%a8%e0%a6%83%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4/

\*এই চাঁদ……  
এই ……ই…… চাঁদ  
চাঁদ……দ…. ডাকছি-তো…  
\*\*হু…  
\*হু…… কি?  
\*\*শুনছি-তো……।  
\*শুধু শুনলেই হবে,কথা বলছনা যে…  
\*\*এখন ইচ্ছে করছেনা……  
\*রাত্রিরূপিনী…আমার আতপ্ততন্ময় অমৃতচক্ষে নরক জ্বেলে…  
নিশীথের নির্জনতায় ক্ষণভঙ্গুর অনুরাগে  
বিস্মরণের ক্ষমাহীন মাৎসর্যে……  
জ্বল জ্বল করছ যে বড়… হয়ে বর্ণিলতায় বর্ণিল…  
‘রাহু’ও তো ভড়কে যাবে,অমাবশ্যা ‘নাই’ হয়েছে কবেই  
ভালবেসে ভালবাসার আত্মসম্মোহন……  
\*\*ভরা পূর্ণিমা আজ,জাননা বুঝি?  
\*ও তাই বল……  
ভাবলাম এসেছে বুঝি কেউ ,চুপিসারে নিশীথের গভীরে…  
\*\*না… ,আসেনি কেউ,আসবেওনা কখনও।

তবুও এই ছায়াপথে উপচ্ছায়া হয়েই  
যন্ত্রণার শোণিতের নোনা স্বাদ পেড়িয়ে  
অনাদি অনন্তের পথ ধরে ভেসে ভেসে,  
একদিন ফিরে যাব  
সবুজ আঘ্রনে ধানসিঁড়িটির তীরে  
নিয়ে পরিতৃপ্ত মুখচ্ছবি ,  
সবুজে সবুজে হয়ে একাকার  
খুঁজে নেব নিজেকেই নিজে,  
নিয়তি বিধুর তিথিতে  
সহস্রের সহস্র পৌনঃপুনিকতায়।

**১৮ ই মে****,** **২০১১** **সকাল ১১:২১**
