# চাঁদের অন্ধকারে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-10T16:30:45+00:00
- Updated: 2020-03-11T11:35:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

---

 

দুধ-গাঢ়-চাঁদ চেয়ে আছে পূবাকাশে  
পবিত্র পিপাসার স্বাদে,  
আছড়ে পড়া জ্যোৎস্নার খোঁজ রাখে  
উত্তুরে দক্ষিণা হাওয়া ক্ষণে ক্ষণে,  
দিকভ্রান্ত পাতা-ঝরা দিন-রাত্রে;

স্ফীত-শীতের শেষ রেশটুকু কুণ্ঠিত হয়ে  
চলে/ফিরে যাওয়ার সুবোধ অনুমতি চাচ্ছে  
সাধ-স্বপ্নগুলো দল বেঁধে লোভী লোভী ভাব নিয়ে,  
আর একটু চাই বিছানা বন্দিত্ব, রাত তো অনেকটাই বাকী  
অনিঃশেষ প্রগারতা নাই বা হলো ষোলআনা;

ছেঁড়া ঘুড়ি/ছিঁড়ে ফেলা ঘুড়ির সুতো খুঁজে পাওয়া কঠিন নয়  
ওঁত পেতে থাকা কঠিন আধারের অন্ধকারে,  
বসন্ত এ-বেলায় অর্থহীন এ কথা মানছি/বলছি না,  
যদিও ভালবাসা শুধুই কুহক/ভানুমতীর খেল  
জ্যোৎস্না বা অমাবস্যায়;

রাতের শেষ প্রহরে পশ্চিমাকাশে নিজেকে পুরো মেলে ধরে  
এত আলো এত রঙ এত আভা, এত লেলিহান হাতছানিতে  
অতিথিসৎকার হচ্ছে বুঝি! গাঢ় ঘুমের পৃথিবীতে,  
আঁচলে করোনা লুকিয়ে কাকে কাকে কু-প্রস্তাব দিচ্ছ?  
কে জানে! কে কোথায় শিকার হচ্ছে তছনছি স্বভাবের, কে জানে!  
সুনিপুণ নিস্তব্ধতার বিবস্ত্র উত্তেজনার আঁতে! কে জানে!

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#comments
