# চলো ঈশ্বরের ঘুম ভাঙ্গাই

Author: অনন্য অর্ণব
Published: 2021-08-31
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87/

*আমাজানের দক্ষিণ বাহু ছুঁয়ে দারিদ্রের যে রেখাটা চলে গেছে*

*ইউরোপের সুউচ্চ সুরক্ষা দেয়াল পর্যন্ত*

*তার সূত্রপাত যেন কোথায় হয়েছিলো ?*

*প্রাচ্যের কঙ্কালসার মানুষের প্রতিচ্ছবি এঁকে*

*ওরা ভুলুণ্ঠিত করেছে দক্ষিণ-পূর্বের যাবতীয় রত্নাধার*

*এখানে দারিদ্র্যতাকে বলা হয় অভুক্তের অর্ণামেন্ট* 

*উনিশ শতকের মাঝামাঝিতে আমরা জ্বলতে দেখেছি* 

*মহাভারতের আনাচে কানাচে অসংখ্য প্রোজ্জল নক্ষত্র,* 

*নেতাজী সুভাষ বসুর অখন্ড বাঙলায় আমরা‌ পেয়েছিলাম*

*মাওলানা ভাসানীকে, পেয়েছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি*

*বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।*

*পশ্চিমা সাম্রাজ্যবাদের করাল থাবায় সেও চুর্মাচার –* 

*ওরা শিখিয়ে দেয় পুঁজিবাদের মূলমন্ত্র, আমরা লুফে নেই –*

*ক্ষমতার মসনদ আর স্বৈরাচারী ঈশ্বর নির্জীব পড়ে থাকে* 

*পুঁজিবাদের পদতলে, এখানে ঈশ্বর বিকায় ছড়া মূল্যে*

*তারপর বিভোর ঘুম- মানুষ মানুষকে চিবিয়ে খায়* 

*অথচ ঈশ্বর সে নির্বিকার ।*

*নিপীড়িত জনস্রোত এখনো দিগ্বিদিক ছুটে যায় –* *খুঁজে ফিরে কোথায় সেই কান্ডারী,*

*উদ্ধত বুলেটের সামনে দাঁড়িয়ে যে সন্তানের কথা বলে*

*ঈশ্বর তাকেও কেড়ে নেয়, তারপর নির্বিকার ঘুম* 

*নিপীড়িত সব মজলুম আজ একসাথে চলো –* 

*চলো ঈশ্বরের ঘুম ভাঙ্গাই ।।*
