# চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের সংগঠক বেলাল মোহাম্মদ

- Author: [হৃদয়ে আমার বাংলাদেশ](https://sonelablog.com/author/projonmo71/)
- Published: 2013-07-30T19:09:51+00:00
- Updated: 2013-08-02T11:29:15+00:00
- Category: [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, বেলাল মোহাম্মদের প্রকাশিত বই, বেলাল মোহাম্মদের সাক্ষাৎকার, বেলাল মোহাম্মমদ, সাধীন বাংলা বেতার কেন্দ্র
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/123.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/123.jpg)  
মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের সাক্ষী , যিনি নিজেই একটি ইতিহাস , সেই বেলাল মোহাম্মদ চলে গেলেন আমাদের ছেড়ে । গতকাল ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি এবং কৃতজ্ঞচিত্তে স্মরণ করি মুক্তিযুদ্ধে তাঁর অসমান্য অবদানকে । জাতির এই বীর সেনানীকে জানাই অফুরান শ্রদ্ধা । তিনি একই সাথে ছিলেন দেশের একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক।[**তাঁর প্রকাশিত বই সমূহের নাম এবং বই পেতে পারেন এখানে ।**](http://rokomari.com/author/2413;jsessionid=17DD21EE997D4D0038603A872F784442)

সংক্ষিপ্ত জীবনী ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কবি বেলাল মোহাম্মদ ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম মাহমুদা খানম ও বাবার নাম মৌলভী মোহাম্মদ ইয়াকুব। ছাত্র বয়স থেকেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কমিটির অন্যতম সদস্য হিসেবে ভাষা আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬৪ সালে তিনি দৈনিক আজাদ পত্রিকার সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছরে তিনি পাকিস্তান রেডিওতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে যোগদান করেন। এর পর ১৯৭১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন বেলাল মোহাম্মদ। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাটর বেতার স্টেশনে সঙ্গী-সাথীদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক সেই বেতার কেন্দ্র থেকেই ঘোষণা দেয়া হয় বাংলাদেশের স্বাধীনতার।  
একাত্তরের ২৬ মার্চ সকাল ৭টা ৪০ মিনিটে বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দ্বীপ, আব্দুলাহ আল ফারুক ও কবি আব্দুস সালামসহ আরও কয়েকজন মিলে প্রথম কালুরঘাটের বেতার স্টেশনে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার নামে বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বেলাল মোহাম্মদ প্রথমে স্বাধীন বাংলা বেতার নামকরণ করলেও সহকর্মীর মধ্যে একজন এর সঙ্গে বিপ্লবী শব্দটি যোগ করেন। সেদিনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের একটি লিফলেট তাঁর হাতে এসে পৌঁছায়। ওইদিন দুপুরে এমএ হান্নান ও রেডিওর কয়েকজনসহ ওই লিফলেটটি নিয়ে আসেন। ২৬ মার্চ সন্ধ্যায় মেজর জিয়াউর রহমান কালুরঘাট পৌঁছান। বেলাল মোহাম্মদ রেডিও বক্তব্যের জন্য মেজর জিয়াকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রের অনুসারে একটি স্ক্রিপ্ট তৈরি করেন, যা মেজর জিয়া ঘোষণা করেন।  
এক সাক্ষাতকারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে সৃষ্ট জটিলতার জবাবে বেলাল মোহাম্মদ বলেন, ওইদিনের ওই স্বাধীনতার ঘোষণার শুরুতে মেজর জিয়া বলেছিলেন- ‘আই এ্যাম মেজর জিয়া অন বি হাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ডু হেয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেনডেন্স অব বাংলাদেশ।’ আমি নিজে ওই স্ক্রিপ্ট লিখে দিয়েছিলাম। সুতরাং এ নিয়ে বির্তকের সুযোগ কোথায়? মূলত আমরা বেসামরিক লোক থাকার কারণে ঘোষণা না দিয়ে সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে মেজর জিয়াকে দিয়ে স্বাধীনতা ঘোষণা পাঠ করানো হয়।’  
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে তাঁকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়। নির্লোভ মুক্তিযুদ্ধের এ শব্দসৈনিক স্বাধীনতা পদকটি বাংলাদেশ বেতারে দান করেন এবং নগদ অর্থ দিয়ে সন্দ্বীপে নিজ গ্রামে কমরেড মোজাফফর আহমেদ লালমোহন সেন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার।  
স্বাধীনতা পদকপ্রাপ্তির অনুভূতি ব্যক্তকালে তিনি বলেন, স্বাধীনতা পুরস্কারের চেয়ে অনেক বড় পুরস্কার আমাকে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৫ সালের ২৫ মার্চ ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ ঘোষণা করেছিলেন একটা সার্কুলারে। কিন্তু এর কয়েক মাস পরেই অভিশপ্ত ১৫ আগস্ট সংঘটিত হওয়ায় ওই পুরস্কার আর কার্যকর হয়নি। ওই পুরস্কারটাকেই আমি অনেক বড় করে দেখি। এর ব্যাখ্যায় তিনি বলেন, একটা স্বর্ণপদক হাতে ঝোলানোর চেয়ে বঙ্গবন্ধুর সময় ওনার স্বাক্ষরে ঘোষণা করা হয়েছে- এটা আমার বড় পাওয়া।  
শেষ জীবনে বড্ড একাকী জীবনযাপন করেছিলেন বেলাল মোহাম্মদ। ১৯৭৩ সালে তাঁর স্ত্রী বিয়োগ ঘটে। এর পর ১৯৯৮ সালে মাত্র ৩২ বছর বয়সে একমাত্র ছেলে আনন্দকে হারিয়ে তিনি একেবারে ভেঙ্গে পড়েন। মূলত এর পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়।  
[**লেখাটি দৈনিক জনকন্ঠ থেকে নেয়া**](http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2013-07-31&ni=144209)

[*স্বাধীন বাংলা বেতার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন*](http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8_%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE_%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0)  
[**স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বেলাল মোহাম্মদের সাক্ষাৎকার পড়ুন এখানে , যা Bdnews24dotcom এ ২০১০ সনের ২৮ মার্চ প্রকাশিত হয়েছিল ।** ](http://arts.bdnews24.com/?p=2769)

[সাক্ষাৎকারের ভিডিও লিংক –  ১ ](http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HtsOelGv21Y)  
[সাক্ষাৎকারের ভিডিও লিংক – ২](http://www.youtube.com/watch?feature=player_embedded&v=kmj_N0ZIMAo)  
[সাক্ষাৎকারের ভিডিও লিংক – ৩](http://www.youtube.com/watch?v=qMVe00Xcr3Q&feature=player_embedded)  
*এই পোস্টের ১ , ২ এবং ৩ নং মন্তব্যে  এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি দেয়া হয়েছে ।*

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac/#comments
