# ঘুড়ি

Author: জসীম উদ্দীন মুহম্মদ
Published: 2014-10-17
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-2/

আমার শক্ত হাতে বাঁধা লাটাই, ঘুড়ি তুই কেমনে যাবি দূরে  
আকাশ ছোঁয়ার সাধ থাকে তো; থাক না রাস্তার ওই নর্দমাটায় পড়ে !  
তোর চেয়ে আরও সাহসী ও আজিব ইচ্ছা ধারী  
আমার পায়ের নিচে হরহামেশাই যায় যে গড়াগড়ি !  
পেঁচা আমায় হিংসে করে তাই দিনে দিলাম আড়ি  
সূর্য্যি মামায় আদর করে আনব আমার বাড়ি !  
রাস্তা ঘাটের বেহাল দশা যতই থাকুক ভাই  
এসব সস্তা কাজে সময় দেবার সময় আমার নাই !  
ইচ্ছে ধারী সাপের মত আমিও পারি সাজতে  
চিল শুকুনের ছোবল থেকে আমিও জানি বাঁচতে !  
হাজার তারার ঝিলিমিলি দেখিয়ে তোমায় ছাড়ব  
আমার খুঁটি শক্ত করে এই মাটিতেই গাড়ব !!  
সাগর পারে, নদীর ধারে যেথায় খুশি সেথায় চাও  
ইচ্ছে ঘুড়ি হাওয়াই মিঠাই লুটে পুটে(মনে মনে) খাও !  
হাজার জনে ইচ্ছে করুক আমার তাতে কী  
তোমার পাতে পান্থা লংকা আমার পাতে ঘি !  
নীল পদ্ম সরোবরে আমার সিনান জল  
আমার বাহুর শক্তিতে আজ হারুক তোমার মনের বল !!
