# ঘুমের অ-ঘুম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-06T15:09:44+00:00
- Updated: 2018-12-06T15:09:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae/

---

হোঁচট খেতে খেতে অনেকটা পথ হেঁটে-হেঁটে এসেছি,  
অনেকেই সাথে ছিল, আছে এখনও অনেকেই;  
ছুঁয়ে এসেছি মনোলোভা কালচক্র,  
ফেলে এসেছি হেলাফেলায় শঙ্খচূড় সাপের মনি,  
মসৃণ অ-মসৃণ ছোট/বৃহৎ ঢিবি, অপুষ্ট/সুপুষ্ট জলধি,  
হাতে ধরা নাটাইয়ের সুতোর দূর প্রান্তে  
আকাশ-ঘুড়িটি সাথে নিয়েই চলছি;  
শুধু ফেলে এসেছি আয়না-জলে লেখা খাতাটি।

পলক-অপলক চোখে ঘুরে-ঘুরে ফিরেছি  
আনন্দ-বিহারে, চেনা-অচেনা বদ্বীপে,  
আলতো পায়ে সন্তর্পণে পিছু নিয়ে পেখম-ময়ূর ছুঁয়েছি,  
তন্ময়-ধ্যান-বৃষ্টিকে হাঁপাতে হাঁপাতে হাসতে দেখেছি,  
উল্লাসে-সোল্লাসে;  
ধ্যান-মগ্ন-সিঁদুর-বক দেখছি বিষম-চোখে,  
রঙয়ের-তুলিতে-বিভোর শিল্পীর রাত-জাগা-উষ্ণ-চোখ দেখেছি;

শুধু ঘুমের অ-ঘুমকে একটু ঘুমুতে বলেছি,  
ঘুমুতে দেখিনি;

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae/#comments
