# গ্রামীণ শীতের ভোর

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-11-14T01:05:45+00:00
- Updated: 2021-11-15T01:15:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/

---

শীতের খেজুর রস,  
দেখলে কে না হয় খুশিতে  
চঞ্চলা সরস?

থাকলে সাথে মুড়ি,  
আর কি খাটে কথার মাঝে  
হিমের জারি-জুরি!

খুব সকালে দেয় যদি মা  
গরম ভাপার থালা,  
আর কে থাকে কালা?  
লালি যদি দেয় খুলে তার  
গন্ধে মনের তালা?

রসে ডোবা চিতই পিঠা  
খায় যদি বা খুকি,  
সূর্য কি রয় লুকি!  
’আয় রোদে আয়’ ছোট্ট সোনা  
দেয় সে ডেকেই উঁকি!

গ্রামীণ শীতের ভোর,  
এমনি ভাবেই রোজ খুলে তার  
শিশির ঝরা দোর!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/#comments
