# গাধা-হাতির সাদাবাড়ি

Author: হালিম নজরুল
Published: 2020-11-08
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/

মরলে হাতি লাখ টাকা, তাও  
মরুক হাতির দল,  
গাধাটাকেই আজ বেছে নাও  
গাধার দলে চল।

এই বলে সব আমজনতা  
ছুটল গাধার দলে,  
তবুও হাতি সাদাবাড়ি  
রাখবে নানান ছলে!

বলল সবাই গাধাই ভাল  
হাতিই অধম জাত,  
গাধাই মানুষ,হাতি কেবল  
দিনকে বানায় রাত।

গায়ের জোরে জাত কেড়ে নেয়  
পাত কেড়ে নেয় লোকের,  
এই হাতিটাই পাল্টে খোলস  
রূপ ধরে নেয় জোকের।

সুযোগ পেয়ে তাই জনগণ  
উঠল গাধার পিঠে,  
করল রঙিন সাদাবাড়ি  
লাগছে দারুন মিঠে!
