# গাছ কথন……..২

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-07-24T00:30:51+00:00
- Updated: 2017-07-24T00:30:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a8/

---

নয় কোন অলীক-বিভ্রম-ভ্রমণ, নতজানুতার আস্ফালন,  
মাঙ্গলিক আহার শেষে পারস্পরিক সহৃদয়তা, শেষমেশ  
শেষঅব্দি অক্সিজেনের ভাগাভাগি।

প্রগাঢ়-উষ্ণ-উত্তাল নিবেদনে দাঁড়িয়ে আছি  
জাঁকিয়ে, দণ্ডায়মান স্বস্তির রৌদ্রলোকের সানুদেশে,  
আরাধনা ও ভাবের পুলকে, তিনশত  
তিন হাজার তিন লক্ষ-কোটি বছর ধরে,  
ঝলোমলো সবুজ-পাপড়ি মেলে, সতেজ-সুরভিত-নিঃশ্বাসে,  
আজও সময়ের এ-প্রসব-লগ্নে;

আকাশী ঈশ্বর একটি-ই, দেখে রেখেছে নিশ্চয়ই,  
সে-বারের সাঁই সাঁই সিডরে সটান দাঁড়িয়ে ছিলাম,  
দিগ্বিদিক ডালপালায় অদৃশ্য দড়ির প্রান্ত কষে,  
ঝুঁকে-পড়া কাঁধ-মাথা আবার-ও তুলে ধরে,  
নিঃসঙ্গ বিহ্বলতার কুল এড়িয়ে;

আফিম-তরু নই,  
ঝড়-জল সুগভীর-বিষাদানন্দের অঝোর ধারায়  
সব কিছু ফেলে-টেলে, গিজ-গিজে ভিড় ঠেলে,  
বেঁচে আছি বেঁচে থাকি, যাব-ও বেঁচে;

চুমুর মধু-ফেনা নিয়ে ভূতেরা ডাকে,  
(মাটি) চুম্বন-সুতো ছিঁড়ে অমৃত-চাহুনির টান  
সুরের অলংকারে, উন্মুক্ত উদোম আলিঙ্গনে,  
“ হেথা নয়, অন্য কোথা অন্য কোনখানে”  
অবিস্মিত থেকে, ভষ্মাধারের ধূসরতায়-ও  
প্রবিষ্ট হওয়ার কথা ভাবি-ই-না!!

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a8/#comments
