# গবেষণাগার ও লাভবান খামারী

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-07-09T13:30:43+00:00
- Updated: 2019-07-09T13:30:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

হালকা ঠাণ্ডার দেশে যখন জেগে উঠি  
অভাবসিক্ত গবেষণার কেন্দ্রগুলো ইশারায়  
ডাকে- ছত্র ছায়ায় লালিত কতগুলি অপুষ্টিজনিত অভাব।

যে অভাব কারো উঠোন হাসানোর কথা  
লিঙ্গ চিহ্ন দোলনায় চিত করে হাত বুলাতে  
বলে- মানবতার সন্ধানী কী রিসার্চ করবি?  
ওরা আধা আলোতে ভুলের বয়ঃসন্ধিকাল ফেলে গেছে।

স্কুলের গণ্ডিতে কোষ্ঠকাঠিন্যে ভোগা যে অভাব  
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে নিষিদ্ধ শব্দের প্ল্যাকার্ডে  
দাঁড়িয়ে থাকে- যতক্ষণ ধর্মালয়ে ব্যথার চিৎকার না জমে।

পথে সারি সারি এক ঝাঁক আহত বিবেক  
ডানা ভাঙ্গা পাখির মতো এগিয়ে যেতে যেতে  
গবেষণাসিদ্ধ ডিএনের ধারালো শব্দের ময়নাতদন্ত  
প্রস্তুতি সম্পন্ন করে- কবে মিটবে লজ্জিত অভাবের দাবি?

যে আমার সহধর্মিণী-  
সনাতন পদ্ধতিতে দেহ গুনে অগোচরে লাভবান খামারী;

অতঃপর–  
সেই নৈতিকতার আদি গবেষণাগার খসে খসে পড়ে  
স্যাঁতস্যাঁতে রক্তে- লাল সবুজের পাকস্থলী প্রসব করে  
বিচারহীনতার অপুষ্টিতে ভোগা একেকটি নাদুসনুদুস অপরাধ।

নেত্রকোনা, ময়মনসিংহ

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
