# খোকন সোনার জন্য

Author: সুলতানা সোনিয়া
Published: 2012-10-11
Category: একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ, সাহিত্য
Tags: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%95%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

এখন দিব্যি বেঁচে আছি তোকে ছাড়া ।  
অথচ এমন করে কি থাকার কথা ছিলো ?  
তোর ভালোবাসা ছাড়া আমি কি করে বাঁচি বল ?  
তোকে ছাড়া কি দুঃসহ জীবন আমি কাটাচ্ছি তা কি তুই জানিস ?  
ইচ্ছা করে পরম মমতায় তোর চুল আঁচরে দেই !!

তুই যেদিন আমাকে ফেলে চলে গেলি ! মনে আছে তোর ?  
কি ভীষণ রকম কেঁদে ছিলাম আমি ।  
পাগলের মতো চিৎকার করে কেঁদেছি ।  
এখনো উড়োজাহাজের শব্দ শুনে দৌড়ে বারান্দায় গিয়ে দাড়াই ।  
আকাশের দিকে তাকিয়ে ভাবি এই বুঝি তুই ফিরে এলি ?  
তুই চলে যাবার পর থেকে ক্যামন যেন আনমনা হয়ে থাকি ।  
লুকিয়ে লুকিয়ে কাঁদি !  
বুকের মাঝে শুধু হাহাকারের ঝড় !  
মাঝে মাঝে সারারাত ঘুমুতে পারিনা ।  
এপাশ ওপাশ করি । ভাবনা গুলো জট পাকিয়ে যায় ।  
ভাবনা গুলোকে খুলে খুলে আলাদা করি  
খা খা বুকটা নিয়ে কবিতা লিখতে থাকি ! এলোমেলো কবিতা ।  
এলোমেলো ঘরদোর ! বিছানা বালিশ বই গুলো সব এলোমেলো !  
টেবিলের উপরে ধুলোর আবরন !!  
তুই চলে যাবার পর থেকে….  
এক বীভৎস রকম শূন্যতা আমাকে ঘিরে থাকে !  
মাঝে মাঝে ভাবি এই শূন্যতা কি আমার সাথে কবর অবধি যাবে ?  
মাঝে মাঝে তোর স্পর্শ পেতে আকুল হই ।  
এ্যালবামে রাখা তোর ছবি গুলোকে স্পর্শ করি ।  
আমার দীর্ঘশ্বাস , আর্তনাদ ঘরের চার দেয়ালের ভীতর ধাক্কা খেয়ে  
আবার আমার কাছেই ফিরে আসে ।  
আমার চোখের জল নদী হয়ে বিছানার উপরে ছড়িয়ে থাকা,

তোর ছবি গুলোকে ভিজিয়ে দেয় ! ভাসিয়ে দেয় !

এখন বড় একা হয়ে গেছিরে আমি !  
তুই যদি কোনোদিন ফিরে আসিস !  
এই অপেক্ষায় কাটিয়ে দেই সকাল , দুপুর , সন্ধ্যা বেলা !
