# ক থেকে চন্দ্রবিন্দু

Author: তৌহিদুল ইসলাম
Published: 2019-06-01
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%95-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/

(ক-ঙ)  
কুঞ্জলতার কুঞ্জে আলেয়া হয়ে ডেকেছিলো যে কুহক,  
খেয়ালী মনের অবগাহনে নিজেকে আজ করেছে সমর্পন।  
গড়েরমাঠে গোল্লাছুটে ছুঁয়ে দেয়া যুবকের সে হাত;  
ঘরের মেঝেতে আঁচল বিছিয়ে,  
ব্যাঙের কোলাহলে মাখামাখি একজোড়া কপোত-কপোতী।

(চ-ঞ)  
চঞ্চল মনের কুহুডাকে সাড়া দিয়ে,  
ছন্দে ছন্দে হৃদপিন্ডটা বারি খায় ধুকধুক শব্দে-  
জন্ম যেন স্বার্থক হয়েছে এ ধরণীর বুকে।  
ঝিমিয়ে পরা যৌবন প্রকম্পিত হয় বিদ্যুৎবেগে,  
বঞ্চনা নয়; বেহুলার ঘরে ওৎ পেতেছে সূতানলী গোক্ষুর!

(ট-ণ)  
টগবগে যুবতীর গালে মৃদু টোল পরে,  
ঠনঠনে উঠোনে ঝুমুর বাজিয়ে মাতে উর্বশী নৃত্যে।  
ড্যাবড্যাব নেত্রে চেয়ে থাকা যুবকের পাণে;  
ঢাকা লাজলজ্জার সমস্ত বাঁধন হয় ছিন্ন,  
ণত্ব-বিধানের নিয়ম ভেঙে শুরু করে রাসলীলা।

(ত-ন)  
তারপর! তপ্ততার রেশ কেটে যায় যুবকের  
থমকে ওঠা বিবেকের হাতছানি ডাক দেয়,  
দগদগে গ্লানিতে হয় নিমজ্জিত।  
ধুরন্ধর গোক্ষুরের ধোঁকাবাজিতে…  
নুয়ে পরেছে সে অবলীলায়; অক্ষমতার আবডালে।

(প-ম)  
পরাক্রান্ত যোদ্ধার আহাজারিতে বিদীর্ণ আকাশ  
ফেণীল সমুদ্রের ঘোলা নোনাজলে-  
বলীয়ান হয়েছিলো যে লজ্জাবতী শামুক,  
ভয়কে জয় করে সে আজ বেড়িয়ে পরেছে খোলস ছেড়ে;  
মৃত্যুঞ্জয়ী অবাধ্য প্রেমের বাউলা টানে।

(য-শ)  
যবনিকা টানার সময় ঘনিয়ে আসে  
রক্তাক্ত দাঁড় দুটি দিয়ে গন্ধ শোকে বাতাসে;  
লালাঝড়া ঠোঁটে ঠোঁট মিলিয়ে করে শেষ চুম্বন।  
বিহব্বলতায় আক্রান্ত পরিযায়ী কুহক ;  
শব হয়ে লুটিয়ে পরে বালিয়াড়ির বুকে।

(ষ-র)  
ষাট গম্বুজ অট্টালিকার কার্নিশে,  
সম্মুখ প্রহরে মুখোমুখি সে আলিঙ্গনখানি-  
হয়ে উঠেছে এক অসম প্রেমের উপাখ্যান।  
চুড়ির মৃদু ঝনঝন শব্দ কর্ণকুহরে কম্পমান;  
রুঢ় বক্ষে বাণ ডাকা কুঞ্জ নুয়ে পরে অবলীলায়।

(য়-চন্দ্রবিন্দু)  
আয়নার প্রতিচ্ছবিতে আজ বিষাদের ছায়া  
জগৎ সংসার ছেড়ে বৈরাগীবেশে;  
ফড়িংয়ের রুপ ধরে ওড়ে শুধু এ ডালে সে ডালে।  
নিঃশ্বাস থেমে আসছে লক্ষীন্দরের…  
চাঁদের গায়ে বেহুলা নিজ হাতে আঁকছে কলঙ্কের কালো দাগ।

(ব্যঞ্জনবর্ণের ক্রমানুসারে **ক খ গ ঘ ঙ** এভাবে প্রতিটি অক্ষর দিয়ে প্রত্যেকটি লাইন শুরু হয়েছে। ব্যঞ্জনবর্ণ মনে রাখা তেমন কঠিন কিছু নয়। একটু চেষ্টা করলেই কিন্তু সম্ভব।)
