# ক্ষণিকের মায়ায়

Author: হালিমা আক্তার
Published: 2026-11-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

দুপুরের তপ্ত রোদ

হঠাৎ এক পশলা বৃষ্টি,

মনের আঙ্গিনায়

ঘড়ির কাঁটার মত

ঘন্টা বেজে উঠল ঢং ঢং ।

চোখ বন্ধ করে

একটু ছুঁয়ে দেখতে চাইলাম,

হাতের তালুতে কয়েক ফোঁটা

মুক্তোর দানা

স্পর্শ নিতেই হারিয়ে গেল।

গোধূলি বেলায়

পশ্চিম আকাশ যেন

উৎসবে মেতে ওঠে।

পৃথিবীর সব রঙ

ঢেলে দেয় আকাশ পানে,

মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি

নিমিষেই সেখানে আঁধার নেমে আসে।

সন্ধ্যায় শুকতারা হয় যখন সখা,

চোখের দৃষ্টিতে পড়ে নেয়

না বলা সকল কথা।

এরপর কোথা যেন যায় হারিয়ে,

বুঝলাম সকলেই আসে

ক্ষণিকের মায়ায় জড়িয়ে নিতে।
