# ক্রিকেট

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2015-06-24T02:17:18+00:00
- Updated: 2015-06-24T02:17:18+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f/

---

ক্রিকেট ক্রিকেট। আনন্দে উদ্বেলিত হয়ে সারাদেশ যখন আত্মহারা তখন এক বালতি দুধে একটু চুনের মতোই সুধীর গৌতমের এই ঘটনাটি ঘটলো। ভারতের গনমাধ্যম একে হামলা বলে প্রচার করে চলেছে আর আমাদের দেশের গনমাধ্যম একে ভারতের চক্রান্ত কিংবা অপপ্রচার প্রমানে ব্যস্ত।  
একটু পেছন থেকে ঘুরে আসি এমসিজি থেকে। সেদিন কি ওপেনলি আমাদের হারানো হয়েছিল পুরো বিশ্ববাসী দেখেছে। ‘নো’ বলটি নিয়ে  কিছু বলতে চাইনা, এমন ভুল হতে পারে যে কারো ক্ষেত্রে। হ্যাঁ আমি এমনটাই মানি। তার জবাব আমরা খেলা দিয়ে পুষিয়ে দিতে পারিনি। কারণ শুধু ‘নো’ বল নয়, আরো ভুল ডিসিশান আর ক্রমাগত অফিশিয়াল স্কোরবোর্ডে জিতেগা জিতেগা ইন্ডিয়া জিতেগা বলে যেভাবে আমাদেরকে মানসিক ভাবে পর্যুদস্ত করে দেয়া হয়েছিল, তা সত্যিই নির্লজ্জ বিরল। তবে আমরা তার জবাব দিতে পেরেছি। আইসিসি’র প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের বিবৃতি এবং পদত্যাগ তার মোক্ষম প্রতিবাদ। এর চাইতেও কি আরো বড় প্রতিবাদ হয়? হ্যাঁ হয়। তার চাইতেও বড় প্রতিশোধ নিয়েছি আমরা। খেলে গুড়িয়ে দিয়েছি তাদের। বছরের পর বছর ধরে ভারতের ক্রিকেট টিমের দম্ভ, অহংকার আমরা এক নিমিষেই মিলিয়ে দিয়েছি। আর কি চাই আমরা? কিছুনা। এটি খেলা। খেলার প্রতিবাদ খেলাতেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু বাস্তবিকতা তা নয়। এদেশের ক্রিকেটের সাথে  আরো একটি অহংকার মিশে আছে, সেটা আমাদের দেশের ক্রিকেট পাগল মানুষ। এশিয়া কাপ হেরে যাবার পর এদেশের সমর্থকদের কান্না দেখে ভবিষ্যৎ বানী করেছিলেন অনেকে  বিশ্ববাসী সাবধান, এমন একদিন আসবে বাংলাদেশও সবাইকে কাঁদাবে। ভারত মিডিয়া পর্যন্ত বলেছিল, পাকিস্তান নে কাপ জিতা, বাংলাদেশ নে জিতা দিল। এতো গৌরব যে সমর্থকদের নিয়ে দু এক জন বাবা – মা খেদানো সন্তানদের জন্য তা- ই সবসময় প্রশ্নবিদ্ধ হয়। এবং কস্ট লাগে যখন তাদের কোন রকম বিচার না করে বরং নিজেদের সাফাই গাই আমরা। দেখুন ভিডিও টি।  
[দেখুন আসল ঘটনা কি ঘটেছিল সেদিন](https://www.youtube.com/watch?v=5alJGxaqWq4)  
বারবার একই প্রশ্ন করছে সুধীরকে, কেউ তোমাকে বিট করেছে ? কেউ তোমাকে ইনজুরড করেছে? মিথ্যা প্রমানের কত চেস্টা!! একজন দর্শককে চারদিক থেকে ঘিরে ভূয়া ভূয়া,  মওকা মওকা বলে টিপ্পনি কাটছে। তার সিনএনজির উপর ইট মারছে , স্টিক দিয়ে বাড়ি মারছে এগুলো হামলা নয়? গায়ে মারলেই হামলা? একবার নিজেকে অই জায়গায় ভাবুন তো। কতটা ভীতির মধ্যে ছিল সে।  এক বাক্যে প্রত্যেক টা মিডিয়া কেন সেদিন সেই জানোয়ার গুলোকে ধরে পুলিশে দিতে বললো না! বরাবরের মতো এবারও সেইখানে পুলিশ ছিল। খুন হয়ে গেলেই তারা তাকিয়ে তাকিয়ে দেখে আর এটাতো তুচ্ছ ঘটনা। নিজেদের ব্যার্থতা মেনে না নিয়ে ভারতের মিডিয়ার পেছনে লেগেছে সবাই। তারা সেটাই বলেছে যেটা সুধীর বলেছে, বাড়িয়ে কিছু বলতে দেখিনি। আমিতো বলবো সুধীর অনেক সাহসী, এজন্যই খেলা দেখতে আসবার সাহস করেছে। আমি হলে করতাম না। আমার দেশেই ওয়েস্ট ইন্ডিজের গাড়ি বহরে ইট পাটকেল ছোড়ার, মসজিদে মাশরাফি কে লাঞ্ছিত করবার সমর্থক আছে।  
ভারতের চক্রান্ত,  সুধীরের ভিডিও আপলোডের টাইম এইসব নিয়ে মস্তিষ্ক খরচ না করে বরং ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াতেই আমাদের গৌরব বাড়বে। আর যদি সত্যিই প্রমাণ করতে পারে কেউ এটা সুধীরের মিথ্যে বক্তব্য ছিল, তবে তাকেও ক্ষমা চাইতে বলা হোক। এটা শুধু আমাদের দেশের মানুষদের ক তে কলার জায়গায় কমলা হয় বোঝালে হবেনা, সবার সামনেই প্রমাণ করতে হবে।  
ঠ্যাঙানি যদি দিতেই হয়; ব্যাট, বল দিয়ে হার্টে দেব, কারো মাথায় না।

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f/#comments
