# কোন এক অভিমানীকে

Author: অরণ্য
Published: 2014-11-24
Category: একান্ত অনুভূতি, কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/

আর কতদূর হাঁটলে তোমার পথ ফুরাবে?  
আর কত ঘাম ঝরলে তুমি ক্লান্ত হবে?  
কত রাত্রি পেরুলে বলতে শিখবে  
আমি আর পারছিনা।  
সামনে যদি কিছু আর নাই’ দেখ  
একবার তো চাও পিছন ফিরে!  
কতটা পথ পেরিয়ে এলে!  
জয় করলে কতটুকু তোমার এ একলা চলা!

তুমিই বললে নেবে না কাউকে সাথে  
আমাকেও না।  
আমিও বলি – বেশ তো!  
সাহারা জয় না হয় একাই করলে!  
কিন্তু এখনও তোমার ছায়ায় কাকে দেখ তুমি?  
কাকে আঁক সেই ছায়ার পাশে?  
নেবে না সাথে বেশ করেছো  
তবে হৃদয়ে কেন এত ঠাঁই তার?  
শুকানো ঘামের গন্ধ, তার বসত-বাড়ি?  
তবে কি এতই অভিমান তোমার?

তার পরেও  
টের কি পাও তুমি একা নও এ পথে?
