# কেটে যাবে এ আধার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-20T16:20:32+00:00
- Updated: 2019-01-20T17:57:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/

---

এখানে, এই সোনেলায় পুরনোদের মধ্যে তিনি আছেন ঔজ্জ্বল্যের স্ব-মহিমায়  
ভাস্বর হয়ে, নিঃসঙ্কোচ আভিজাত্যের স্বপ্ন বিভোরতায়, অসুস্থ শরীরেও ভাড়ারের  
দরজা খুলে রেখেছেন দরাজ হাতে। তিনি আছেন সোনেলার হৃদপিণ্ড জুড়ে,  
যা আমরা টের পাই সোনেলা-ধমনীর প্রতিটি প্রবাহে, প্রতিটি প্রাণ-স্পন্দনে।  
তিনি আমাদের [**নীলাঞ্জনা নীলা**।](http://sonelablog.com/blogger/nilanjana/)

এই সুদীর্ঘ পথ যাত্রায় তাঁর অসংখ্য লেখায় তুলে ধরেছেন বিচিত্র অসংখ্য হাসি কান্না দুঃখ  
কষ্টের সহৃদয় অনুভূতি, তাতে তার একান্ত ব্যক্তিগত পারিবারিক বিষয়, তাতে বাদ যায় নি কেউ-ই, স্বর্গীয় পিতা (বাপি) থেকে তার মা-মনি, একমাত্র ছেলে ও স্বামী। আমদের-ও করে নিয়েছেন তার পরিবার-যাত্রী, তার মা-মনিকে নিয়ে-ও একটি লেখা লিখেছিলাম,  
টিকে আছে তা এই এখানেই।

আজ যা না বললেই না, তা হলো এই মহীয়সী কবির সাথে ব্লগের বাইরে কখনও-ই  
কোন ফোরামে দেখা সাক্ষাৎ হয়নি, হয়নি কোন কথা ফোনে, এমন কি ফেবুতেও চালাচালি হয়নি তথ্য-উপাত্ত। এ কথা বলছি এ জন্য যে শুধু মাত্র ব্লগিয় লেখা-লেখির এক জন কবি দারুণ আন্তরিকতায় আমাদের কাছে টেনে নিয়েছেন। কত ভাবে যে তাকে এখানে মন্তব্য দিয়ে উত্যক্ত করি/করেছি তা ভাবতে চাচ্ছি না।

তাঁর এ শোক-স্তব্ধতা আমাকে দারুণ ভাবে স্পর্শ করেছে।

জমাট কালো মেঘ আজ  
নীলের আকাশে  
স্তব্ধতার তীব্রতা ছুঁয়ে-ছুঁয়ে যাচ্ছে;  
আড়াল-রোদ আবার-ও হাসবে,  
আলোড়িত চাঁদ-সৌন্দর্য আবারও স্নিগ্ধ হবে।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/#comments
