# “কুলাঙ্গার আমি”

Author: শান
Published: 2015-01-16
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

শীতকাল ই আমার প্রিয় !  
যখন …….  
দীঘল অমারাত্রিতে নগরে , মফস্বলে , গ্রামে – শীতের স্পর্ধিত প্রকোপ ,  
শীতবস্ত্র বঞ্চিত সৃষ্টির শ্রেষ্ঠজীবগুলোর গ্লানিময় দীর্ঘশ্বাস !  
কুয়াশার চাদর চিরে বহুপ্রতীক্ষিত অলস সূর্য্যটার বিলম্বিত আত্মপ্রকাশ –  
তখন ……  
উষ্ণতায় মাদকাসক্ত আমার চর্বিযুক্ত শরীরটায় নিষিদ্ধ কামনা জাগে ,  
তাই !  
এই হাড়কাঁপানো শীতকাল ই আমার বড্ড ভালোলাগে !

আজ …………  
লেদারের জ্যাকেটে বাড়ন্ত সব স্মার্টনেসের দৌরাত্ম্য !  
ছেলেবেলার কিতাবের ঐ মলাটে আটকানো মানবতার শিক্ষা , ভাতৃত্ব !  
অধরে পুড়তে থাকা দশ টাকায় …..  
হীমবাহের গ্রাসে জর্জরিত নগরের ফুটপাতে মানব কষ্টগুলো , জমাট বদ্ধ হয়ে হচ্ছে ম্লান !  
নগরের বাবুদের নি:শ্বাসে দশ পেগ ভদকার মৌ মৌ ঘ্রাণ !

আমি আজ –  
মনুষ্যত্বহীন এক বিবর্তিত ক্যাকটাস !  
ব্লেজার , মাফলায় প্যাঁচানো এক চতুষ্পদ –  
তবু দোপায়ে দন্ডায়মান নিকৃষ্টতম জন্তু হিসাবে করেছি – বিশুদ্ধ আত্মপ্রকাশ ।

আমার উষ্ণ লেপের আস্তর ছেদ করতে পারেনা –  
পলিবাংলার এক পৌঢ় কৃষকের চঞ্চল জোড়া চোখের কষ্ট !  
সূর্য্যোলোকের অপর্যাপ্ততায় যার রোয়া ধানের চারাগুলো হয়েছে অকালে নষ্ট !  
পেন্ডুলামের মত দুলছে –  
হাড়হাভাত ঐ কৃষকের ভাগ্যের চাকা !  
আমার অধর তখন গরম কফির ধোঁয়ায় ঢাকা !  
আমি ছলে বলে কৌশলে – ‘ উহ ! আহ ! আহ্হারে ! ‘ শব্দতুলে দেখাই দেশপ্রেমবোধ !  
বিষধর দন্তযুক্ত , এক কুলাঙ্গারের কিছু দীর্ঘশ্বাস – শীতের কুয়াশা চিরে জাগাতে চায় শ্রেনীহীন ভাতৃত্ববোধ !
