# কিনসিয়ানিয়ারা : সুইট সিক্সটিন : মিষ্টি ষোড়শী

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-05-06T04:45:26+00:00
- Updated: 2017-05-07T21:16:25+00:00
- Category: [ইতিহাস](https://sonelablog.com/category/misc/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/

---

![কিনসিয়ানিয়ারা : সুইট সিক্সটিন : মিষ্টি ষোড়শী...](http://sonelablog.com/wp-content/uploads/2017/05/quince-1.gif)

****কিনসিয়ানিয়ারা : সুইট সিক্সটিন : মিষ্টি ষোড়শী…****

*****লেখাটি উৎসর্গ করছি সুইট-কিউট, চিরকিশোরী আমার মামনি মীরা দাসকে। আমি কৃতজ্ঞ তাঁর কাছে, শুরুটা ধরিয়ে দিয়েছিলো। গতবছর থেকে চেষ্টা করে যাচ্ছিলাম লিখতে, কিন্তু পারছিলাম না। আজও হতোনা, যদি না মামনি আমাকে সাহায্য করতো।*****

**“তেলের শিশি ভাঙ্গলো বলে খুকুর ‘পরে রাগ করো…”** খোকাও হতে পারতো। খুকুই কেন? নাহ আমি এ নিয়ে নারী-পুরুষ দ্বন্দ্বে যাচ্ছিনা। একটি শিশু বিশেষ করে কন্যাশিশু কি চটজলদি বড়ো হয়ে যায়! পাশাপাশি একটি ছেলেশিশু বহুদিনই ছেলেমানুষি শব্দের ভেতর আটকে থাকে। তাদের বয়স সহজে বাড়েনা। ওদিকে মেয়েটি সাত/আটে পড়ে গেলেই প্রচুর বাধা-নিষেধের সম্মুখীন হয়। **Adolescence** শব্দটি একজন কন্যাসন্তানের বেলায় খুব কম সময়ের জন্য অবস্থান করে। কারো কারো তো করেই না। মেয়েরা এতো তাড়াতাড়ি বড়ো হয়, আর তাই তাদের দায়িত্ব শুরুও হয় আগে থেকে। আমাদের সমাজে ১৩/১৪ বছর বয়সে বিয়েই হয়ে যায়, দেখা যায় বিশের মধ্যে দুই সন্তানের মা-ও হয়ে গেছে। উন্নত বিশ্বের চিত্র আবার আলাদা। সেখানে পনেরো বছরটাকেও শিশুকাল হিসেবে দেখা হয়। তারপর ষোলো বছর বয়স হচ্ছে মেয়েদের জন্য বিশেষ বছর। আর তাই বলা যায় **“Sweet Sixteen”** মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অন্যদিকে ছেলেদের বিশেষ বয়স হচ্ছে ১৯ বছর। তাদের টিনএজ কিশোর জীবনের শেষ বছর। এ কথাটি না বললেই নয়, **Sixteen is the fourth power of two**।

আচ্ছা কোত্থেকে এই সুইট সিক্সটিন সেলিব্রেশনের উৎপত্তি? উত্তর হচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে। **৫০০ বছর** পূর্বে **Aztec Culture**-এর অন্তর্ভূক্ত একটি উৎসব পালন করা হতো। এতে পনেরো বছরের ছেলে-মেয়েকে পিতা-মাতা হিসেবে দেখা হতো এবং তাদেরকে চিহ্নিত করা হতো ভবিষ্যতের সাহসী যোদ্ধারূপে। তবে এই সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হতো একজন কন্যাকে। কারণ ওই সময়েই পূর্ণ নারী হিসেবে সে পরিচিত হতো। একইভাবে স্প্যানিশরা মেয়েদের পনেরো বছরের জন্মদিনটা পালন করতো খুব জাঁকজমকভাবে। ওটা ওদের ট্র্যাডিশন। তাদের সাংস্কৃতিক শেকড় আজও তারা ধরে রেখেছে। তারা ওই সময়টাকে একটি মেয়ের জীবনের **Transition Period** হিসেবে ধরে। সোজাভাবে বলা যায় **Childhood to Young Womanhood** জীবনে পদার্পন। সেই সময় থেকেই মেয়েরা প্রস্তুতি নিতে শুরু করে বিয়ে এবং গার্হস্থ্য জীবনের। তখনই তারা সিদ্ধান্ত নেয় “নান” নাকি বিবাহিত জীবন বেছে নেবে! ওদের এই উৎসবটার নাম স্প্যানিশে**“Quinceañera”** বাংলায় উচ্চারণ **“কিনসিয়ানিয়ারা।”** এই উৎসবের আরও কয়েকটি নাম আছে, যেমন **ফিয়েস্তা দে কিনসে আনিউস(*fiesta de quince años)*, ফিয়েস্তা দে কিয়েনসেয়ানিয়ারু(*fiesta de quinceañera)*, কিনসে আনিউস(*quince años)*, কিয়েনসেয়ানিয়ারু অর সিমপ্লি কিনসে(*quinceañero* or simply *quince)***। **২০ সেঞ্চুরির** দিকে গ্রামীণ সমাজে আরও অনেক কিছু যুক্ত হয়। যেমন মেয়েরা প্রাপ্তবয়ষ্ক পার্টিতে অংশগ্রহণ করতে পারবে এবং ভ্রু প্লাক, ট্রিমিং, মেকাপ, জুয়েলারি, হাইহিল পরিধান করতে কোনো বাধা থাকবে না। এই হাইহিল বাবা পড়িয়ে দেয় মেয়েটির পায়ে। একটি কথা না বললেই নয়, **Quinceañera** উৎসবে চার্চে যেতে হয় প্রথমে, তারপর বলরুমে বা বাড়ীতে পার্টি আয়োজন করা হয়। সারপ্রাইজ গিফট হিসেবে মা-বাবা পুতুল দেয় মেয়েটিকে, কারণ পুতুল নিয়ে আর কখনোই খেলা করবে না সে।

![বাবা-কন্যা...](http://sonelablog.com/wp-content/uploads/2017/05/quincineras-father-and-daughter4-300x229.jpg)

****বাবা-কন্যা…****

**১৯৬০ সালের** দিকে ল্যাটিনোরা তাদের নিজস্ব সংস্কৃতিসহ মাইগ্রেটেড হয়ে ইউএসএ-তে আসে।  তারপর উত্তর আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে ওই কিনসিনিয়ারার মতোই এই সুইট সিক্সটিন উৎসবটির প্রচলন শুরু হয়। **আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে, বলিভিয়া ও উরুগুয়ে**তে এমনই উৎসব(**Q*uinceañera* but as a*****fiesta de Quince**) *অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানটি হয় কিছুটা অন্যরকম। মেয়ে ডিজাইনার ড্রেস পড়ে তার বাবার হাত ধরে অনুষ্ঠানের স্থানে প্রবেশ করে, সেখানে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনেরা মেয়েকে গোলাপ ফুল গিফট করে। তারপর সেখানে মিউজিকের সাথে বাবা-মেয়ে দুজনে ড্যান্স করে। একসময় বাবা মেয়ের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের দিকে পাস করে দেয়। তাছাড়া এই অনুষ্ঠানে জন্মদিন কন্যাটি হাতে পনেরোটি মোম নিয়ে একটি একটি করে পনেরো জনের হাতে দেয়, যারা ওর জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তারপর মেয়েটি বক্তব্য রাখে। এই অনুষ্ঠানকে বলা হয় **Tree Of Life**। এই পনেরোটি মোমবাতির মানে হলো মেয়েটির জীবন থেকে চলে যাওয়া একেকটি বয়সের স্মৃতি। ব্রাজিল(**F*esta de Debutantes*, B*aile de Debutantes* or F*****esta de quinze anos**)-*এও একইভাবে অনুষ্ঠিত হয়। **১৯৭০ সালের** পরে কিউবাতেও এমন উৎসব শুরু হয়। চৌদ্দ জনের একটি গ্রুপ থাকে যারা মেয়েটি এবং তার বয়ফ্রেন্ডকে ঘিরে থাকে। তারপর বার্থডে গার্ল আর তার বয়ফ্রেন্ড একত্রে নাচে। তবে কিউবাতে বর্তমানে ১৬ বছর বয়সকেই পালন করা হয় জাঁকজমকভাবে। ডোমিনিকান রিপাবলিকে কিউবার মতোই সব। শুধু এখানে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে সালসা নাচে। তারপর ছেলেটি পাস করে দেয় মেয়েটির বাবার দিকে নাচার জন্য। কলম্বিয়াতে মেয়েটি তার বাবার সাথে আসে, তখন অভ্যর্থনা জানায় তার মা এবং বন্ধু-বান্ধব, আত্মীয়রা। প্রথমে বাবার সাথে মেয়ে নাচ করে, তারপর ভাইয়ের সাথে এবং সবশেষে আঙ্কেল ও গ্রান্ডপ্যারেন্টসদের সাথে। ফ্রেঞ্চ গায়ানা এবং ফ্রেঞ্চ ক্যারিবিয়ান(**F*****ête des quinze ans**) *এ দুটো দেশও ব্যতিক্রম নয়। ম্যাক্সিকোতে সবচেয়ে চমকদায়ক ব্যাপার হলো, পনেরো বছর বয়স না হলে মেয়েরা পাবলিকের মধ্যে নাচতে পারবেনা। **২১ সেঞ্চুরি**র দিকে অনেক মেয়েরা নিজেদের মতো করে এই কিনসিয়েনিয়ারা উৎসব পালন করা শুরু করে।**১৯৮০ সালে**র দিকে টেক্সাসে এই উৎসব সম্পর্কে জানা যায়। তারপর **ইউএসএ, কানাডা** **Quinceañera** উৎসবের সাথে মিল রেখে **Sweet Sixteen** পালন করা শুরু করে। এসব দেশে ষোলো বছর বয়সেই অফিসিয়ালি বিগিনার ড্রাইভিং লাইসেন্স এপ্লাই করলে পাওয়াও যায়। পিতামাতার অনুমতি ছাড়া রক্তদান করা যায়। শুধু তাই নয়, অনেক জায়গায় বিয়ের জন্যও অনুমতি নিতে হয়না, চাইলে নিজেরা সন্তান ধারণও করতে পারে। **বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি**তে এ বয়সীরা টোব্যাকো কিনতে পারে। **জার্মানি, সুইজারল্যান্ড, অষ্ট্রিয়া, ইতালি, পর্তুগালে** আইনগতভাবে ড্রিঙ্কও করতে পারে। **ইউকেতে** আর্মিতে জয়েন করতে পারা যায়। **অষ্ট্রেলিয়া, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, সাউথ আফ্রিকা, আইল অফ ম্যান(Isle of Man)** এসব দেশে লার্নার লাইসেন্স নেয়া যায় এই ষোলোতে। এককথায় বলা যায় মেয়েদের জন্য সিক্সটিন হলো গুরুত্বপূর্ণ মাইলস্টোন। অবশ্য ছেলেরাও এ বয়সে ড্রাইভিং লাইসেন্সসহ উপরোক্ত অনেক কিছুই পেয়ে থাকে।

![পদক্ষেপ...](http://sonelablog.com/wp-content/uploads/2017/05/786f35a93022446d64bc4f934d6a1bbe-300x223.jpg)

****পদক্ষেপ…****

অন্যদিকে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কন্যা সন্তানের বয়স ব্যাপারটিকে লুকোনো হয়। আর ষোলো বছর বয়স উদযাপন, ক’জনেই বা জানে! আসলে এই ষোলো বছর বয়সটা ছোট থেকে বড়ো হবার ভাঙ্গা-গড়ার সময়। তখনই শরীর ও মনের পরিবর্তন হয়। তখন মস্তিষ্কও নতুনভাবে পুনর্গঠিত হয়। তাতে দেখা যায় নিজেদের অনুভূতিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনা ষোলো বছর বয়সীরা। এই সময়টাতে কন্যাসন্তানের পাশে বাবা-মাকে এগিয়ে আসতে হয়। তাই আমাদের সমাজে ষোলো বছর বয়স মানেই অন্যরকম দুশ্চিন্তার জন্ম। যেখানে একটি পুত্রের জন্মের পরে পরিবার আনন্দে মেতে ওঠে, যে সমাজে কন্যা রজঃস্বলা হবার পরে নানা বিধি-নিয়মের সম্মুখীন হতে হয়, সেখানে কিভাবে আশা করা যায় মিষ্টি ষোলো উদযাপনের? বয়ঃসন্ধিকাল এই শব্দটির সাথে সবারই পরিচয় আছে, কিন্তু আমাদের সমাজে এই সময়টাতেই একটা কন্যাসন্তানকে অনেক বাধা-নিষেধের মধ্য দিয়ে পার করতে হয়। ষোলো যে কখন আসে আর কখন যায়, একমাত্র মা-বাবা ছাড়া আর কেউই তা জানেনা। তবুও সেই সব ষোড়শী কন্যাদের জন্য রইলো আমার অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। শুভ জন্মদিন ষোড়শীরা।

![Sweet Sixteen...](http://sonelablog.com/wp-content/uploads/2017/05/happy_sweet_sixteen_21.gif)

****Sweet Sixteen…****

হ্যামিল্টন, কানাডা  
৫ মে, ২০১৭ ইং।

****সুইট সিক্সটিন এর ইতিহাস জানার খুব ইচ্ছে ছিলো আমার। কিন্তু কতোভাবে যে বিভিন্ন জায়গায় খুঁজেছি, সেভাবে পাইনি। তাছাড়া আমি ইংরেজীতে এতো ভালো নই যে ট্রান্সলেট করে লিখবো। গুগল ঘেটে, নিজের কথা দিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। মজার ব্যাপার হলো, আমাদের দক্ষিণ এশিয়ার কোনো দেশে এই সুইট সিক্সটিন উৎসবটি পালিত হয়না। তাই এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভবিষ্যতে কখনও কারো যদি এই বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করে, সংক্ষিপ্তাকারে এখানে সেসব তথ্য পেতে পারবে। আর তাই মনে হলো লিখে রাখি, বলা তো যায়না কখনও কারো প্রয়োজনে কাজে লাগতে পারে। আমি আশা করি ভুল হলে ধরিয়ে দেবেন। আর কোনো তথ্য যদি কেউ খুঁজে পান, জানাতে দ্বিধা করবেন না। দুঃখিত অনেক বড়ো হয়ে গেলো লেখটি।****

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/#comments
