# কালীতলার মেলা

Author: হালিম নজরুল
Published: 2020-05-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

\*\*(ক-গ / খ-ঘ ছন্দে লেখা একটি কিশোর কবিতা)\*\*

চল সখিনা আজকে যাবো তেরো নদীর পার  
প্রাক-বোশেখে যেথায় বসে কালীতলার মেলা।  
সেখানে থেকে আনবো কিনে সপ্ত ফুলের হার  
চোখ জুড়িয়ে দেখবো সেথা সাপ-বানরের খেলা।  
—  
নারে ছোটন আর যাবোনা ঐ না বটের তলে  
নিত্য নাকি ঐখানেতে ভূত-পেত্নীর বাস।  
খোকা খুকুর রক্তে নাকি ওদের দিবস চলে  
কাল খেয়েছে দশটা গরু,বিশটা পাতিহাঁস।  
—  
ওসব কিছু সত্য না রে কল্প কথার মালা  
সেথায় আছে রঙের মানুষ,নানান রঙের সাজ।  
শুনবো জারি-ভাটিয়ালী,মন্ত্রমুগ্ধ পালা  
আনবো কিনে পুতুল,ঘুড়ি শেষ বিকালে আজ।

———————-0 0———————-
